শনির দশা ধোনির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ৪-০ তে হোয়াইটওয়াশ। ইংল্যান্ড সফরেও একই ফলাফল। সম্প্রতি ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ভারতের হার ২-১-এ। এই অবস্থায় দাবি উঠেছে মহেন্দ্র সিং ধোনিকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার। এখনই সরিয়ে নেওয়া হবে কি না অনিশ্চিত। তবে এরই মধ্যে শনির দশা শুরু হয়ে গেছে ধোনির। জনপ্রিয়তায় ভাটা পড়ায় পাঁচটি ব্র্যান্ড ভারতীয় অধিনায়কের সঙ্গে চুক্তি বাতিল করেছে।বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এক বছর আগে ২৭টি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে দেখা যেত ধোনিকে। এখন সেটা কমে দাঁড়িয়েছে ২২-এ। বিজ্ঞাপনচিত্র ও ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন ধোনি। এর মধ্যে ২৮টি প্রতিষ্ঠান তাঁর সঙ্গে থাকা চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাবদ বর্তমানে বছরে ৭০ কোটি রূপীর বেশি আয় করেন ধোনি। বিশেষজ্ঞরা মনে করেন, টেস্ট অধিনায়কত্ব হারালে তাঁর ব্র্যান্ড ভ্যালু শতকরা ৩০ ভাগ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় একটি বিপণন প্রতিষ্ঠানের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শৈলেন্দ্র সিং বলেন, ‘ধোনির বর্তমান অবস্থানে যে কোনো ধরনের পরিবর্তন এলে তাঁর ব্র্যান্ড ভ্যালু শতকরা ২৫ থেকে ৩০ ভাগ কমে যেতে পারে।’আশঙ্কার বিপরীতে অবশ্য ধোনির পক্ষে সমর্থনও আছে। সম্প্রতি তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিখ্যাত ব্র্যান্ড ‘পেপসিকো’। প্রতিষ্ঠানটির সঙ্গে বার্ষিক ১০ কোটি রূপীর চুক্তি ধোনির। পেপসিকোর একজন মুখপাত্র বলেন, ‘ধোনির মতো একজনের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’ধোনির বাণিজ্যিক চুক্তির ব্যাপারগুলো দেখভাল করে ‘ঋতি স্পোর্টস’। প্রতিষ্ঠানটির দাবি, ধোনির জনপ্রিয়তার কমে যাওয়ার কারণে কয়েকটি ব্র্যান্ড সরে দাঁড়িয়েছে, কথাটা ঠিক নয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা অরুণ পাণ্ডে বলেন, কিছু কিছু ব্র্যান্ড ধোনিকে অর্থ জোগান দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে ওই সব ব্র্যান্ডকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।