শফিউলের আর দুঃখ নেই
চোটের কারণে ছিটকে না পড়লে আজ তাঁর মাঠেই থাকার কথা ছিল। কিন্তু তিনি মাঠের বাইরে। ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন। তবে ব্যক্তিগত আক্ষেপ থাকলেও নিজে খেলতে না পারার হতাশাটা মুছে গেছে শফিউল ইসলামের। এশিয়া কাপের ফাইনালের মঞ্চে বাংলাদেশ—মাঠের বাইরে থাকলেও দলের অন্যতম সেরা পেসারের আর কোনো কষ্টই নেই।বরং আছে আনন্দ। পরশু শ্রীলঙ্কাকে হারানোর পর থেকেই শফিউলের মনে বইছে আনন্দবন্যা। কাল দলের সঙ্গে অনুশীলন করেছেন। সন্ধ্যায় ফোনে ধরা গেলে ও প্রান্ত থেকে উচ্ছ্বাসভরা কণ্ঠ তাঁর, ‘আজ (কাল) দিনটা দারুণ কেটেছে। সবাই খুব খুশি। আমার নিজের খুশিটা ভাষায় বোঝাতে পারব না।’শ্রীলঙ্কার বিপক্ষে জয় মাঠে বসেই দেখেছেন। উত্তেজনার পারদ ওপরে ওঠার সময় নিজেকে আর সামলাতে পারেননি। শফিউল বলছিলেন, ‘মাঠে খেলা আর বাইরে থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য। মাঠে টেনশনটা ঠিক ওভাবে বোঝা যায় না। কিন্তু মাঠের বাইরে প্রতিটা মুহূর্ত কাটে টেনশনে। পাশে বসা অন্যরা কী বলছে, এদিন বুঝলাম। কেউ দোয়া পড়ছে, কেউ পায়চারি করছে, কারও দম বন্ধ হয়ে আসছে...দর্শক হিসেবে এদিন আমারও একই অনুভূতি হয়েছে।’এমন জয়ের পর শফিউল পেছনে তাকাতে চান না, ‘ইনজুরির ওপর কারও হাত নেই। কী আর করব! কিন্তু দল জেতায় এবং ফাইনালে ওঠায় আমার দলে থাকা না-থাকাকে বড় করে দেখছি না।’আজ ফাইনালে কে জিতবে? শফিউলের ভবিষ্যদ্বাণী, ‘বাংলাদেশ জিতবে আশা করি। জেতার জন্য নিজেদের ওপর আত্মবিশ্বাসটা রাখাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরাও চ্যাম্পিয়ন হতে পারি—এই বিশ্বাসটা থাকলে খুবই সম্ভব।’টুর্নামেন্ট শুরুর আগে ভাবতে পারেননি ফাইনালের আগের দিন ফাইনাল নিয়ে কথা বলবেন। দৃশ্যপট বদলে গেছে। আর সবার মতো শফিউলও খানিকটা অবাক, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমরা চাইছিলাম, অন্তত একটি জয় পেতে। তারপর যতদূর যাওয়া সম্ভব যাব। ফাইনালেই উঠে গেলাম। ভারত ও শ্রীলঙ্কার মতো দুটি দলকে হারিয়ে ফাইনালে ওঠা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি।’