শফিউলের চোটও গুরুতর!
ধারণা করা হচ্ছিল, শফিউল ইসলামের কাঁধের চোট গুরুতর নয়। ধারণাটা ভুল। এমআরআই রিপোর্ট নিশ্চিত করেছে, ডান কাঁধের অস্থিসন্ধির তন্তু (ল্যাব্রাম) ছিঁড়ে গেছে এই পেসারের। চোট এতই গুরুতর, শফিউলকে অস্ত্রোপচারের টেবিলে উঠতে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অস্ত্রোপচার হলে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।এমআরআই স্ক্যান করানোর পর প্রাথমিকভাবে চিকিৎসকেরা সমস্যা গুরুতর নয় বলে জানিয়েছিলেন। আশা করা হচ্ছিল, ১০ দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন শফিউল। কিন্তু এমআরআই রিপোর্ট বলছে অন্য কথা। শফিউলের চোট বাংলাদেশ দলের আরেক পেসার রুবেল হোসেনের চোটের মতোই জটিল। অস্ত্রোপচারের আশঙ্কা সে কারণেই।পাকিস্তানের বিপক্ষে গত ডিসেম্বরের হোম সিরিজে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে কাঁধের অস্থিসন্ধি খুলে আবার জোড়া লেগে গিয়েছিল রুবেলের। আঘাতে তন্তু ছিঁড়ে গিয়েছিল তাঁরও। বোলাররা এমন চোট পেলে অস্ত্রোপচার পুরোপুরি ঠিক হওয়ার নিশ্চয়তা দেয় না। কাটাছেঁড়া ছাড়া রুবেল কতটা সুস্থ হয়ে ওঠেন, শুরুতে তাই সেটাই পর্যবেক্ষণ করছিলেন বিসিবির ফিজিও-চিকিৎসকেরা।অবস্থার কিছুটা উন্নতি হলে পরীক্ষামূলকভাবে বিপিএলে খেলার অনুমতি পান রুবেল। কিন্তু প্রথম ম্যাচ খেলতে নেমে সেই একই কাঁধে চোট পান আবারও। স্থানীয়ভাবে সেটারও চিকিৎসা চলছে এখন। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘রুবেলের অবস্থার উন্নতি আশাব্যঞ্জক নয়। আমরা তাঁর রিপোর্টগুলো দক্ষিণ আফ্রিকার শোল্ডার সার্জন জো ডি বিয়ারকে পাঠিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই দেবেন, তবে এখানকার সার্জনরা অস্ত্রোপচারের কথা বলছেন।’শফিউল চোট পেয়েছেন ভারতের বিপক্ষে গত ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে। রুবেলের মতো তাঁর ক্ষেত্রে এখনই অস্ত্রোপচারের কথা ভাবছেন না স্থানীয় চিকিৎসকেরা। তবে চোটটা যেহেতু একই রকম, আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ‘প্রথমে খুব গুরুতর মনে না হলেও এমআরআই রিপোর্টে দেখা গেছে তাঁর ডান কাঁধের ল্যাব্রাম (এক ধরণের তন্তু) ছিঁড়ে গেছে। রুবেলের ইনজুরিও একই রকম ছিল। আপাতত আমরা শফিউলকে পর্যবেক্ষণে রাখব। ২১ দিন ও খেলতে পারবে না’—জানিয়েছেন দেবাশিস। রুবেলের রিপোর্টের সঙ্গে শফিউলের এমআরআই রিপোর্টও কাল ই-মেইলে পাঠানো হয়েছে কেপটাউনের বিশেষজ্ঞ শল্যবিদ জো ডি বিয়ারের কাছে। রিপোর্ট দেখে ডি বিয়ার যে সিদ্ধান্ত দেবেন, তার ওপরই নির্ভর করবে এই দুই পেসারের ভবিষ্যৎ চিকিৎসা।শফিউলের পরীক্ষা সবে শুরু। তবে সাড়ে তিন মাস মাঠের বাইরে থেকে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন পেসার রুবেল। ঘরের মাঠে এশিয়া কাপ, অথচ তিনি মাঠে নেই! ফিজিও-ট্রেনারদের সাহায্য নিয়ে পুনর্বাসন চালিয়ে গেলেও খেলার সময় থাকছেন দর্শকের ভূমিকায়। ‘এত বড় ইনজুরিতে আগে পড়িনি। হাত নাড়াচাড়া করলে এখনো ব্যথা লাগে। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে এত লম্বা সময় ধরে কখনোই মাঠের বাইরে থাকতে হয়নি আমাকে’—কাতর কণ্ঠে বলছিলেন রুবেল।রুবেলকে যিনি প্রায় হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে এনেছেন, বাংলাদেশ দলের সাবেক সেই বোলিং কোচ চম্পকা রমানায়েকে বর্তমানে শ্রীলঙ্কা দলে একই দায়িত্বে। এশিয়া কাপ উপলক্ষে ঢাকায় আসা চম্পকার সঙ্গে চোট নিয়ে কথা হয়েছে রুবেলের, ‘চম্পকা ইনজুরির কথা শুনে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন দুশ্চিন্তা না করতে, সুস্থ হলে আমি আবার সবই করতে পারব।’ তবে রুবেলকে ভয় ধরিয়ে দিয়েছেন চম্পকারই আরেক ছাত্র শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ‘মালিঙ্গার সঙ্গেও কথা বলেছি। ও বলল, কাঁধের ইনজুরি খুব খারাপ ইনজুরি। সুস্থ হওয়ার পরও ঝুঁকি থাকে।’ভুল বলেননি মালিঙ্গা। বিশেষজ্ঞ মতও এটাই—ল্যাব্রাম ছিঁড়ে গেলে অস্ত্রোপচারের পরও সেটি অনেক সময় আগের অবস্থায় আসে না। বোলারদেরই এটি বেশি ভোগায়, কারণ তাদের কাজটাই তো হাত ঘোরানো। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে এই সমস্যার কারণে শুধু জাভেদ ওমরের কাঁধেই অস্ত্রোপচার হয়েছিল। জাভেদ ভালোভাবেই ফিরেছিলেন। তবে তিনি তো আর বোলার ছিলেন না!