শফিউলের জায়গায় আবুল হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঘাত গুরুতর নয়। তবু পরশু ভারতের বিপক্ষে পাওয়া কাঁধের চোটে এশিয়া কাপটা শেষই হয়ে গেল শফিউল ইসলামের। বদলি হিসেবে আজ স্ট্যান্ডবাই তালিকা থেকে দলে যোগ দেবেন আরেক পেসার আবুল হাসান।পরশুর এক্স-রে রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। কাল এমআরআই স্ক্যানও করানো হয়েছে, যার রিপোর্ট পাওয়া যাবে আজ। তবে প্রাথমিকভাবে চিকিৎসকেরা নিশ্চিত, অন্তত অস্ত্রোপচার করতে হবে না শফিউলকে। ব্যথা কমতে সময় লাগবে সপ্তাহ খানেক।ব্যথায় হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে বলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হবে না শফিউলের। সে কারণেই আবুল হাসান ১৫ জনের দলে। তিন পেসারকে খেলানো হলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকও হয়ে যেতে পারে তাঁর। সম্ভাবনাটা জাগাচ্ছে গত ম্যাচে শাহাদাতের খরুচে বোলিং।