শভেদোভার ‘গোল্ডেন সেট’
গ্র্যান্ড স্লাম ইতিহাসে প্রথম ‘গোল্ডেন সেট’ পেলেন ইয়ারোস্লাভ শভেদোভা। পরশু উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সারা এরানিকে ৬-০, ৬-৪ গেমে হারানোর পথে প্রথম সেটে এই রেকর্ড করেছেন কাজাখ মেয়ে শভেদোভা। কোনো সেটের সব পয়েন্ট অর্থাৎ টানা ২৪টি পয়েন্ট জিতলেই হয় ‘গোল্ডেন সেট’। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দেওয়া তথ্য, উন্মুক্ত যুগে এর আগে শুধু একবারই এ ঘটনা দেখেছে টেনিস। ১৯৮৫ সালে গোল্ড কোস্ট ক্লাসিকে ব্রাজিলের মার্কোস হোসেভারকে ৬-২, ৬-০ গেমে হারানোর পথে দ্বিতীয় সেটে সব পয়েন্ট জিতেছিলেন যুক্তরাষ্ট্রের বিল স্ক্যানলোন। মাত্র ১৫ মিনিটেই প্রথম সেট জেতার পথে চারটি এইস ও ১৪টি উইনার মেরেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডনে আসা শভেদোভা। ২৪ বছর বয়সী তরুণীর নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ, দশম বাছাই এরানির ওই সেটে মাত্র একটি আনফোর্সড এরর করা। চতুর্থ রাউন্ডে শভেদোভার প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস পরশু খানিকটা মজাও করেছেন এটি নিয়ে, ‘আশা করছি আমি সেটে অন্তত একটি পয়েন্ট জিততে পারব। আমি জানতামই না এটা (গোল্ডেন সেট) আছে। প্রথমে মনে হয়েছিল এটা আবার কী? তারপর ভাবলাম সে কি টানা চারটি গ্র্যান্ড স্লাম জেতার পর অলিম্পিকও জিতেছে? ওটা তো সম্ভব নয়। গোল্ডেন বলতে আমি ওটাকেই জানতাম।’ রয়টার্স।