ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো হলো না কাল। প্রথম ম্যাচে তবু বোলিংটা ভালো করার সান্ত্বনা ছিল। ৯১ রানের পুঁজি নিয়েও পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এক শর কম পুঁজি নিয়ে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব ওয়ানডে ইতিহাসে এর আগে ছিল মাত্র দুটি দলের। প্রথমটি ছিল ১৯৭৫ বিশ্বকাপে। হেডিংলির সেমিফাইনালে গ্যারি গিলমোরের বিধ্বংসী বোলিংয়ে (৬/১৪) ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ৯৩ রানে। ইংলিশ বোলাররা বিপাকে ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকেও। ৯৪ রান তাড়া করতে গিয়ে ৩৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। পরে ব্যাট হাতেও (২৮ বলে ২৮) গিলমোর জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ঘটনা ২০০৬ সালে। টরন্টোয় হিরেন ভারাইয়া (৪/২৫) ও স্টিভ টিকোলোর (৩/১৪) বোলিংয়ে ৯৪ রানে অলআউট হয়েছিল কানাডা। পরে তারাও কেনিয়ার ৫ উইকেট তুলে নিয়েছিল ৬৯ রানে। শেষ পর্যন্ত ৫ উইকেটেই জিতেছিল কেনিয়া।