শরণার্থী শিবির থেকে অ্যাশেজে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম তাঁর পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশে। জাতিতে একজন পাঠান। বাল্যকাল, কৈশোর সবই কেটেছে পাকিস্তানে। পাকিস্তানেই তাঁর ক্রিকেট জীবনের শুরু। সেখানেই অভিষিক্ত হয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। সবই ঠিক ছিল। ২০১০ সালে এসে তিনি আর তাঁর মাতৃভূমিকে নিরাপদ ভাবতে পারলেন না। ক্রিকেটার জীবন ছাপিয়ে তাঁর কাছে মুখ্য হয়ে উঠল রাজনৈতিক ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পাকিস্তানের মাটিতে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি। চলে এলেন অস্ট্রেলিয়া। এসেই আবেদন করলেন রাজনৈতিক আশ্রয়ের। ক্রিকেটের প্রতিভাটা তো ছিলই। অস্ট্রেলিয়ার মাটিতেই খেলা শুরু করলেন ক্রিকেট। চোখে পড়েও গেলেন খুব তাড়াতাড়ি। রাজনৈতিক আশ্রয় নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আসা সেই ফাওয়াদ আহমেদই এখন অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার হয়ে খেলার।

ফাওয়াদ আহমেদকে দিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। দেওয়া হয়েছে পাসপোর্ট। তিনি এখন পুরোদস্তুর অস্ট্রেলীয় নাগরিক। নাগরিকত্ব দিয়ে ফাওয়াদের ক্রিকেট প্রতিভাটাই এখন পুরোপুরি কাজে লাগাতে চাইছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আগেই খেলা শুরু করেছিলেন। খেলেছিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশ’ও। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সম্প্রতি সফর করেছেন ইংল্যান্ড। নিজের লেগ স্পিনের প্রতিভাকে পুঁজি করে আসন্ন অ্যাশেজে জায়গা করেও নিতে পারেন অস্ট্রেলিয়া দলে।

ফাওয়াদকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিন্তা-ভাবনা কিছুটা হলেও সমস্যায় ফেলে দিতে পারে নাথান লায়নকে। দলে স্থান করে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার শীর্ষ এই স্পিনারের লড়াইটা এখন ফাওয়াদের সঙ্গেই।

অস্ট্রেলিয়া দলে সত্যি সত্যিই যদি ফাওয়াদ ঢুকে পড়েন, সে ক্ষেত্রে তিনি হবেন শেন ওয়ার্ন কিংবা স্টুয়ার্ট ম্যাগগিলের পর অস্ট্রেলিয়া দলে অনেক দিন পর সুযোগ পাওয়া কোনো লেগ স্পিনার। এএনআই।