শরবিদ্ধ মেসি-হিগুয়েইন
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসিকে একরকম বোতলবন্দীই করে রেখেছিল পেরু। আগে ঘর সামলানোর নীতিকে আঁকড়ে সাফল্যও পেয়েছে তারা, আর্জেন্টিনাকে নিজেদের মাঠে রুখে দিয়েছে ১-১ ড্রয়ে। সেই ম্যাচের পর মেসি ও হিগুয়েইন ‘গা জোয়ারি’ খেলার জন্য পেরুর সমালোচনাই করেছিলেন। এবার সমালোচনার মোক্ষম জবাব দিলেন সেই ম্যাচে পেরুর গোলদাতা কার্লোস জামব্রানো। মেসি-হিগুয়েইন নাকি পুরো ম্যাচে নিষ্ক্রিয় পড়ে থাকায় হতাশই হয়ে গিয়েছিলেন, আর তা নিয়েই পুরো ম্যাচে ছিচকাঁদুনের মতো অভিযোগ করে গেছেন।‘মেসি ও হিগুয়েইন আসলে বাচ্চা ছেলেদের মতো। নালিশ করা ছাড়া ম্যাচে আর কিছুই তারা করেনি’—বলেছেন জামব্রানো। মেসি অতটা না করলেও হিগুয়েইন নাকি প্রায়ই তাঁকে উসকানি দেওয়ার চেষ্টা করেছিলেন, ‘হিগুয়েইন পুরো ম্যাচেই আমাকে খেপিয়ে তুলতে চেয়েছিল। কিন্তু আমি ওর ফাঁদে কখনোই পা দিইনি।’ ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার দশা হলে ফুটবল না খেলাই ভালো, দিয়েছেন এমন খোঁচাও, ‘আর্জেন্টিনা হতাশ ছিল। ওরা ভেবে পাচ্ছিল না কীভাবে আমাদের সঙ্গে যুঝে উঠতে হবে। তারা আমাকে অপমান করে জিততে চেয়েছিল। তারা মনে করে তাদের গায়ে টোকাটি পর্যন্ত দেওয়া যাবে না, কিন্তু এটা ভুল। ফুটবল আসলে পুরুষ মানুষের খেলা।’জামব্রানো যা বলেছেন, তা আসলে মেসি-হিগুয়েইনের প্রতি বিদ্রূপ। নিজেদের মাঠে এই বিদ্রূপের জবাব দেওয়ার সুযোগ মেসিরা পাবেন। তবে সেটার জন্য আরও বছর খানেক যে অপেক্ষা করতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর সঙ্গে আর্জেন্টিনার ফিরতি ম্যাচটি হবে বছর খানেক পর। ওয়েবসাইট।