শরীফের হ্যাটট্রিক, জাভেদের ‘১০০’
দুজনই বিস্মিত। মোহাম্মদ শরীফ তো জানতেনই না, জাভেদ ওমর নিজেও জানতেন না যে, প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তাঁর শততম ম্যাচ। কাল টেলিফোনে কথাটা শুনে বিস্মিত জাভেদ, ‘শততম ম্যাচ হয়ে গেছে...!’ শরীফের কণ্ঠে বিস্ময়ের সঙ্গে আফসোস, ‘আহা! আগে জানলে তো প্রথম বলেই আউট করতাম না...।’শরীফ রসিকতা করেই বলেছেন কথাটা। আর এক বল পর আউট করলে হয়তো শততম ম্যাচের প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ পেতে হতো না জাভেদকে। কিন্তু সেটা হলে যে একটা অর্জন থেকে বঞ্চিত হতেন শরীফই! কাল বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাভেদকে আউট করেই প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিকটা করলেন ঢাকার এই পেসার। টেলিফোনে শরীফের কণ্ঠে আনন্দের ঝরনাধারা, ‘হ্যাটট্রিক আগেও করেছি। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে এই প্রথম। আমার প্রথম ওভারেই হ্যাটট্রিক হওয়ায় বেশি ভালো লাগছে।’জাভেদ একসময় ঢাকা দলে শরীফেরই সতীর্থ ছিলেন। কিন্তু এবার খেলছেন বরিশালের হয়ে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক শর বেশি ম্যাচ খালেদ মাসুদ আর মোহাম্মদ আশরাফুলও খেলেছেন, তবে ঘরোয়া ক্রিকেটে এখনো জাভেদের উপস্থিতি একটা বিস্ময়ই। সমসাময়িক খেলোয়াড়েরা যখন খেলাটেলা ছেড়ে কোচ-নির্বাচকও হয়ে গেছেন, তিনি রয়ে গেছেন মাঠে। জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই জানার পরও প্রেরণাটা কী? জাভেদের উত্তর, ‘এটা আমার নেশা। ক্রিকেট খেলতে শারীরিক-মানসিক কোনোভাবেই ক্লান্ত বোধ করি না আমি।’প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও শততম ম্যাচটাকে স্মরণীয় করে রাখার ইচ্ছা জাভেদের। সেটা যত না ব্যক্তিগত সাফল্য দিয়ে, তার চেয়ে বেশি দলের জন্য একটা জয়ই কামনা করে, ‘আমরা এখনো কোনো ম্যাচ জিতিনি। শততম ম্যাচে জয়টাই হবে আমার জন্য বড় অর্জন।’