শরীরে ব্রাজিল, মনে জাপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্তে জাপানি হলেও এঁদের দেশ-পরিচয় ব্রাজিলই। ছবি: এএফপি
রক্তে জাপানি হলেও এঁদের দেশ-পরিচয় ব্রাজিলই। ছবি: এএফপি

পাসপোর্টে লেখা তাঁরা ব্রাজিলীয়। কিন্তু শরীরে তাঁদের বইছে জাপানি রক্ত। পূর্বপুরুষেরা জাপান ছেড়ে ব্রাজিলে বসবাস শুরু করায় লাতিন আমেরিকার বিশাল এই দেশটিই এখন তাঁদের মাতৃভূমি। সংখ্যায় প্রায় চার লাখ জাপানি-ব্রাজিলীয়র স্বপ্ন এবারের বিশ্বকাপে ব্রাজিল-জাপান ফাইনাল।
আইভরিকোস্টের বিপক্ষে জাপানের ম্যাচটি তাঁরা দেখেছেন সাও পাওলোর জাপানি সংস্কৃতি কেন্দ্রে বসে। তিন শর মতো জাপানি-ব্রাজিলীয় ওখানে বসে গলা মিলিয়েছেন জাপানি জাতীয় সংগীতের সঙ্গে। শরীরে তাদের ছিল ‘ব্লু সামুরাই’দের জার্সি। ব্রাজিলের মাটিতে বিশ্বকাপে জাপানের অংশগ্রহণ যেন তাঁদের কাছে জাতীয়তা ও ঐতিহ্যগত পরিচয়ের মেলবন্ধন ঘটানোর সুযোগ হয়ে এসেছে। শুধুই কী বন্ধন, যথেষ্ট দ্বিধাও কি নয়?
কোনোভাবে যদি বিশ্বকাপে জাপান-ব্রাজিল খেলায় হয়ে যায়, তাহলে তাঁরা কাকে সমর্থন দেবেন? উত্তর দিয়েছেন জাপানি বংশোদ্ভূত ইভো তবিয়োকা, ‘জাপানকে একেবারে ফাইনালেই ব্রাজিলের সঙ্গে দেখতে চাই। আমি মুখিয়ে আছি জাপান-ব্রাজিল ফাইনাল দেখার জন্য। তবে আমি নিজের জাতীয়তা ভুলে যাইনি। জাপানের সঙ্গে খেলা হলেও তখন আমার গায়ে থাকবে হলুদ জার্সিটিই।’
এই জাপানি-ব্রাজিলীয়দের ইতিহাসটা কী? বহু বছর আগে জাপানের দরিদ্র লোকদের ব্রাজিল-জাপান সরকারি চুক্তির আওতায় ব্রাজিলে পাঠানো হতো কফিশ্রমিক হিসেবে। বর্তমানে তাদের উত্তর-পুরুষের সংখ্যা প্রায় ১৮ লাখ। জাপানি-ব্রাজিলীয়দের সমর্থনের ব্যাপারটা ভালোভাবেই জানেন জাপানি ফুটবলাররা। পাঁচ ফুটবলার তো এ ব্যাপারে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন। সেখানে জাপান অধিনায়ক মাকোতো হাসাবে ধন্যবাদ জানিয়েছেন সকল জাপানি-ব্রাজিলীয়দের। এএফপি।