শর্ট বলে শেবাগ দুর্বল: জনসন
শক্তিশালী পেস আক্রমণ নিয়ে ভারতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া দল। এ সফরে অসি বোলারদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক বীরেন্দ্রর শেবাগ। তবে ভারতের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে থামানোর সব পরিকল্পনা নিয়ে রেখেছেন সফরকারীরা। ফাস্ট বোলার মিশেল জনসন জানিয়েছেন, ফাস্ট বলে শেবাগ দুর্বল বলে এটি দিয়েই তাঁকে থামানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া।জনসন ক্রিকইনফোকে বলেন, ‘আগেরবার যখন আমরা এখানে খেলতে এসেছিলাম, ভালো বলেও চার-ছয় মেরেছেন শেবাগ। তবে শর্ট বলে দুর্বল শেবাগ। আমরা যাদের প্রতি শর্ট বল দিতে পারি, তাদের মধ্যে তিনি অন্যতম। আমার মনে হয় না, শুরুতে শর্ট বল পেলে শেবাগ আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন।’ভারতীয় ব্যাটসম্যানদের হতাশায় ডুবানোর অস্ত্র হিসেবে শর্ট বলকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন আরেক ফাস্ট বোলার শেন ওয়াটসনও, ‘ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপে শর্ট বল গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করতে পারে। আমরা জানি, এ দলে কয়েকজন ব্যাটসম্যান আছেন যাঁদেরকে শুধু পেস দিয়ে কাবু করা যাবে না। কিন্তু শর্ট বল দিলে টপ অর্ডারের অনেক ব্যাটসম্যানই সমস্যায় পড়ে যাবেন।’