শর্টসের দাম আড়াই লাখ টাকা!

ছোট্ট একটা হাফপ্যান্ট। বক্সাররা যেটা পরে রিংয়ে নামেন। কত দাম হতে পারে, আন্দাজ করুন তো। আপনার অনুমানকেও ছাড়িয়ে যাবে ব্রিটেনের বক্সিং তারকা আমির খানের নতুন শর্টসের দাম। বাংলাদেশি মুদ্রায় যেটির দাম প্রায় আড়াই লাখ টাকা! লাগ ভেগাসে ডেভোন আলেকজান্ডারের সঙ্গে লড়াইয়ে তিনি জিতবেন কি না, সেটা নিশ্চিত না হলেও দামি শর্টস পরে এরই মধ্যে আমির ঝড় তুলে দিয়েছেন আলোচনায়। বলা হচ্ছে, আমিরের এই প্যান্টটাই নাকি ‘ইতিহাসের সবচেয়ে দামি শর্টস’।
কী আছে এই শর্টসে, যে কারণে এটি ‘ইতিহাসের সবচেয়ে দামি’ তকমাটা পাচ্ছে? বার্তা সংস্থা এএফপির খবরে জানা গেছে, আমিরের পরিধেয় এই শর্টটিতে নাকি থাকছে ২৪ ক্যারেট সোনার কোমরবন্ধনী। নাপ্পা চামড়া ও রেশমের তৈরি এই শর্টস ইতিহাসের ‘সবচেয়ে দামি’ তকমা না পেয়ে যায়ই না।
এই দামি শর্টটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান শেফিল্ড কোম্পানিও আলোচনায় এসে গেছে স্বাভাবিক কারণেই। এত দামি শর্টস তৈরির হেতু বর্ণনা করতে গিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেছেন, ‘আমির আমাদের কাছে “অন্য রকম” কিছু চেয়েছিল। আমরা শর্টসটি তৈরি করে দিয়েছি।’ শর্টসটির নকশাকারী সোফিয়া হুইটাম বিবিসি রেডিওকে জানিয়েছেন, ‘আমার জানামতে এটি ইতিহাসের সবচেয়ে দামি শর্টস।’
শর্টসটি তৈরির প্রক্রিয়ায় আমির ও তাঁর পরিবারের সদস্যরাও যুক্ত ছিলেন বলে জানিয়েছেন হুইটাম, ‘আমরা শর্টসটি তৈরিতে আমিরের সঙ্গে কাজ করেছি। পুরো জিনিসটি দাঁড় করাতে সময় লেগেছে ৫-৬ সপ্তাহ। পুরো প্রক্রিয়াটার সময়ই আমরা আমিরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। সেও তার ভাবনা আমাদের জানিয়েছে। সব মিলিয়ে এটি দারুণ এক সম্মিলিত উদ্যোগই বলা চলে।’
২৮ বছর বয়সী ব্রিটিশ বক্সার আমির খান কিছুদিন আগেই সোয়ারোফস্কি পাথরের তৈরি শর্টস পরে হইচই ফেলে দিয়েছিলেন। ফ্যাশন-কেতায় সচেতন এই বক্সার তাঁর ক্যারিয়ারের ২৮টি লড়াইয়ের ২৬টিতেই পেয়েছেন জয়।