শর্ত বদলালেন আফ্রিদি
শহীদ আফিদি এখন প্রতিদিনই খবর। শর্তসাপেক্ষ অবসর, মামলা এবং মামলা তুলে নেওয়া, ইউটার্ন নয়—ইত্যাদি খবরের পর সর্বশেষ খবরটা হলো, আফ্রিদি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান।বলতে পারেন এ আর নতুন কী? তিনি তো শর্ত সাপেক্ষেই অবসর নেওয়ার কথা বলেছেন! তবে নতুন খবরটি কিঞ্চিৎ ভিন্ন এ কারণেই, আগে যেখানে বলেছিলেন বোর্ডে পরিবর্তন এলে দলে ফেরার বিষয়টি বিবেচনা করে দেখবেন। এখনকার মূল সুর, টিম ম্যানেজমেন্টে অদলবদল আনতে হবে। ‘আমি শেষ হয়ে যাইনি। সসম্মানেই আবার দলে ফিরব। তবে সেজন্য পরিস্থিতির উন্নতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অবশ্যই টিম ম্যানেজমেন্টের কয়েকজনকে সরাতে হবে’—কাল বলেছেন আফ্রিদি।এত ‘বিদ্রোহী’ হয়েও কাউন্টি খেলার জন্য পিসিবির বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে আফ্রিদির কাছে টাকাটাই আসল। যদিও তাঁর বক্তব্য, ‘কাউন্টির চেয়ে পাকিস্তানের হয়ে খেলেই বেশি আয় করি। তবে টাকা-পয়সাটাই সব নয়। পাকিস্তানের হয়ে খেলাটাই আমার প্রথম পছন্দ এবং পরিস্থিতি বদলালে আমি অবশ্যই ফিরব।’ এএফপি।