শহরে এশিয়ান ট্যুর, রোমাঞ্চিত ওঁরাও
প্রথমবার বাংলাদেশে এশিয়ান ট্যুর। ক্যাডি, গলফার, ফেডারেশন কর্মকর্তা—সবাইকে ছুঁয়ে যাচ্ছে রোমাঞ্চ। কুর্মিটোলা গলফ কোর্স যেন বিয়েবাড়ি। এখানে-সেখানে গলফারদের জটলা। বেশির ভাগই ক্যাডিদের নিয়ে ছুটছেন সবুজ কোর্সে। ২৫ দেশের ১৫৬ জন গলফার নিয়ে কুর্মিটোলায় কাল শুরু বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ।
সিদ্দিকুর, জামালরা এত দিন বাংলাদেশকে চিনিয়েছেন দেশের বাইরে গিয়ে। এশিয়ান ট্যুরের স্বাগতিক হওয়ায় এবার অন্যরাও চিনছে বাংলাদেশকে। গলফ বাংলাদেশকে তুলে এনেছে অন্য উচ্চতায়। টুর্নামেন্ট শুরুর আগে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন চার গলফার যুক্তরাষ্ট্রের বেরি হেনসন, সিঙ্গাপুরের মারদান মামাত, ভারতের রশিদ খান ও বাংলাদেশের সিদ্দিকুর রহমান।
সবারই এক লক্ষ্য—চ্যাম্পিয়ন হওয়া। বিদেশিদের মুখে প্রশংসা ঝরল বাংলাদেশের গলফ কোর্সের। কোনো কিছু নিয়েই অভিযোগ নেই। হেনসন তো জ্যৈষ্ঠের ভাপসা গরমকেও বানিয়ে দিলেন ‘ঠান্ডা আবহাওয়া’! তাঁর কথা শুনে হাসির রোল উঠল সংবাদ সম্মেলনে।
সার্ক অ্যামেচার গলফে খেলতে ভারতের উদীয়মান গলফার রশিদ খান ছয় বছর আগে এসেছিলেন ঢাকায়। বললেন, ‘ঢাকায় আবার এসে ভালো লাগছে। আমার কাছে দিল্লি আর কুর্মিটোলা কোর্স যেন একই।’ বাংলাদেশের গলফারদের জন্য এটাকে মনে করছেন বড় সুযোগ, ‘স্থানীয়দের জন্য এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই ট্যুর বাংলাদেশের গলফকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’ মরিশাসে সর্বশেষ এশিয়ান ট্যুরে তৃতীয় হওয়া মামাতের মুখেও একই সুর, ‘এখানে বেশির ভাগ খেলোয়াড়ই প্রথম এশিয়ান ট্যুরে খেলবে। আমরাও কোথাও না কোথাও থেকে শুরু করেছিলাম।’ উচ্ছ্বসিত হেনসনের কথা, ‘এখানে আসতে পেরে শুধু আমি না, আমার ক্যাডিও দারুণ রোমাঞ্চিত।’
বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে পর্যটন বোর্ড যোগ হয়েছে এশিয়ান ট্যুরের সঙ্গে। প্রতিষ্ঠানটি এ জন্য টেন গলফে একটি প্রামাণ্যচিত্র দেখাবে বাংলাদেশের ওপর।