শাকিরা পিকের ‘মিলান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, শেষ পর্যন্ত রাখাল বালকের দশা হয়নি। গত ডিসেম্বরে সবাইকে ‘এপ্রিল ফুল’ করেছিলেন জেরার্ড পিকে। হুট করে ঘোষণা দিয়ে বসেন, তিনি বাবা হয়েছেন। এ নিয়ে পুরো বিশ্বের গণমাধ্যমে খবর হয়ে যাওয়ার পর জানিয়ে দেন, সবাইকে বোকা বানিয়েছেন। স্পেনে সেদিন পালিত হয়েছিল ‘ডে অব দি ইনোসেন্টস’। অনেকটা এপ্রিল ফুলের মতো স্প্যানিশ এক ঐতিহ্যের দিন। এরপর আবার যখন টুইটারের মাধ্যমে জানানো হলো, সত্যি সত্যিই বাবা হয়েছেন পিকে আর তাঁর প্রেমিকা, বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীত তারকা শাকিরা; এবার আর কেউ অবিশ্বাস করেনি। ভালোমতো খোঁজ নিয়েই নিশ্চিত হওয়া গেছে, বার্সেলোনার সেন্টার ব্যাকের সংকট কাটাতে এই ধরায় এসে গেছে ‘মিলান’!‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, শাকিরা মেবারক এবং জেরার্ড পিকের সন্তান মিলান পিকে মেবারক ২২ জানুয়ারি রাত নয়টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় পরশু রাত দুইটা ৩৬) বার্সেলোনায় জন্ম নিয়েছে’—জানানো হয়েছে এই জুটির পক্ষ থেকে। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ এসি মিলান। ইতালিয়ান ক্লাবটির প্রতি অবশ্য বিশেষ কোনো অনুরাগ থেকে ছেলের এমন নাম রাখা হয়নি। নামকরণের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ‘স্লাভিক ভাষায় মিলান মানে প্রিয়, ভালোবাসার যোগ্য, বিনয়ী; রোমান ভাষায় এর অর্থ ব্যাকুল ও পরিশ্রমী; সংস্কৃতে মিলন।’ ছেলে সংগীতশিল্পী হবে, নাকি ফুটবলার, সেটা এখনই বলা কঠিন। তবে পেশা হিসেবে সে যেটাই বেছে নিক, জন্মসূত্রে সে বার্সার ‘নাগরিক’। শাকিরা-পিকের বার্তায় বলা হয়েছে, ‘বাবার মতো জন্মসূত্রে মিলানও বার্সেলোনার সদস্য!’ এএফপি।