শাকিল জেতালেন বিজেএমসিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ও শেখ রাসেলের কাছে প্রথম দুই ম্যাচে হার। ৩-২ ও ১-০। বিজেএমসি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল দুঃস্বপ্নের মতো। তৃতীয় ম্যাচে কাল জয় পেয়ে দলটি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। ফেনীতে ফেনী সকারের বিপক্ষে মহামূল্যবান জয়টা এসেছে ১-০ গোলে।গোলটা করেছেন পুরান ঢাকার এক তরুণ—শাকিল আহমেদ। রহমতগঞ্জ থেকে এবার বিজেএমসিতে এসে দলকে এনে দিলেন তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ১০ মিনিটে সকারের বক্সে ক্রস ছিল বিজেএমসির, ইকাঙ্গার হেড ক্রসপিচে প্রতিহত। ফিরতি বল দারুণ এক ভলিতে জালে পাঠান লেফটব্যাক শাকিল। শীর্ষ লিগে শাকিলের এটিই তাঁর প্রথম গোল।এরপর ইসমাইল, কিংসলেরা সুযোগ নষ্ট করার মহড়া দেওয়ায় বিজেএমসি ব্যবধানটা আর বাড়াতে পারেনি। তাতে অবশ্য ম্যাচ শেষে আক্ষেপটা বড় হয়ে থাকেনি। বিজেএমসির কাছে জয়টাই ছিল প্রথম চাওয়া। সেটি তো পাওয়া গেল! সকার ছিল নখদন্তহীন। অনেক সময় পেয়েও গোলটা শোধ করতে পারেনি স্থানীয় দল।আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, দর্শকেরা খেলা দেখতে এসে খুশি হতে পারেনি। সকারের জয়ই প্রত্যাশা ছিল সবার কাছে। কিন্তু পরাজয়ে তারা ক্ষোভ নিয়েই গ্যালারি ছেড়েছে। আর ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়ামের মাঠ নিয়ে ক্ষোভটা মনে হয় দীর্ঘস্থায়ীই হবে। ম্যাচের পর মুঠোফোনে বিজেএমসির গোলরক্ষক আমিনুল বলছিলেন, ‘আগের দুই বছর মাঠ এখনকার চেয়ে তুলনামূলক ভালো ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মাঠ ভালো হওয়ার কথা। ফেনীতে হচ্ছে উল্টো। মাঠের সংস্কার করা হয়নি। কোনোমতে ম্যাচ আয়োজনই করতে পারলেই যেন হয়।’আমিনুলের আরও ক্ষোভ, ‘মাঠের মাঝখানে ক্রিকেট পিচ। যেখানে স্থানীয় ক্রিকেট লিগের খেলা হয়। মাঠ অসমতল। কিছু জায়গায় নতুন মাটি দেওয়া হয়েছে, তাতে বুটের স্পাইক দেবে যায়। ঘরোয়া শীর্ষ ফুটবলের উপযোগী নয় ফেনীর এই মাঠ।’ঢাকার বাইরে এমনিতেই ভেন্যু কম। ফেনীর সঙ্গে এবার যোগ হয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জের মাঠ ভালোই। কিন্তু ফেনীর মাঠটা কেন ভালো হবে না!