শাখাওয়াতের বিমর্ষ বিকেল
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ থাপার চোখমুখে মুগ্ধতা এবং বিস্ময়। বাংলাদেশি সাংবাদিক দেখেই বললেন, ‘তোমাদের দলই তো খেলল। জিতল কিনা ফিলিস্তিন!’ ভিআইপি বক্সে তখন কাজী নাবিল আহমেদ, তাবিথ আউয়াল, সাংসদ শামসুল হক চৌধুরী। কেউই অখুশি নন। গণেশ থাপার মতো সবারই একই কথা। ম্যাচ শেষ হওয়া মাত্রই দশরথ স্টেডিয়াম ছাড়লেন কাজী সালাউদ্দিন ও মনজুর কাদের। বাফুফের সভাপতি খেলোয়াড়দের ‘ভালো খেলেছ’ বলে বাহবাই দিয়ে যান।ততক্ষণে স্বাগতিক নেপাল মাঠে নেমে পড়েছে। ১৫-১৬ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে তীব্র কোলাহল। ৭০০ ও ৩০০ রুপির টিকিট কিনে একটু আগে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচে বাংলাদেশকেই স্থানীয়রা অকুণ্ঠ সমর্থন দিয়ে গেলেন। কাজে লাগল না ওই সমর্থন। ক্ষত বুকে নিয়েই বাংলাদেশ দল নেপাল-নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড ম্যাচটি দেখতে ভিআইপি বক্সের নিচে বসে পড়ল। এক কোনায় চুপচাপ শাখাওয়াত রনি। এই স্ট্রাইকারের ব্যর্থতায় কাল ফিলিস্তিনের বিপক্ষে সহজ গোল পায়নি বাংলাদেশ। ফিলিস্তিন গোলরক্ষক সামনে। আলতো টাকা দিলেই গোল। বলটা বারের ওপর দিয়ে তুলে দেওয়ার দুঃস্মৃতিটা তাঁকে পোড়াচ্ছে, ‘ভেবেছিলাম বলটা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে দেব। নিখুঁত হয়নি। বেশি ওপরে উঠে গেছে। বলটা ওই সময় এভাবে পেয়ে যাব বুঝতে পারিনি।’এটি গোল হলে শুধু এই ম্যাচে জয় নয়, বাংলাদেশ হয়তো চূড়ান্ত পর্বের টিকিটও অনেকটা নিশ্চিত হতো। আন্তর্জাতিক ফুটবলে সুযোগ বেশি আসে না। ওই সময় মাথা ঠান্ডা রেখে গোল বল পাঠানোর মতো পরিপক্বতা তো থাকা চাই। আসলে অভিজ্ঞতাও একটা ব্যাপার। শাখাওয়াত কটা আন্তর্জাতিক ম্যাচই বা খেলেছে!প্রায় নতুন একটা দল। কোচকে সময় দিতে হবে। তবে শুরুটা নিয়ে অখুশি নন বাংলাদেশের ফুটবলাররা। মন খারাপ সবার, আবার উজ্জীবিত এই ভেবে, নিজেদের আরেকটু তৈরি করতে পারলে এমন ম্যাচ জেতা সম্ভব।প্লে-মেকার মামুনুল সেটাই মনে করেন, ‘ফিলিস্তিন একটা সুযোগ পেয়ে ওটাই কাজে লাগিয়েছে। আরেকটা ভালো শট ছিল, ভালো সেভ দিয়েছে সোহেল। ওটা গোল হলে বরং বলার কিছু থাকত না। রনির গোলটা হয়ে গেলে আমরা হয়তো জিতেও যেতে পারতাম। আসলে আমাদের আরেকটু সময় দরকার। তাহলে ভালো কিছুই হবে।’ম্যাচে পয়েন্টশূন্য থাকার আক্ষেপটাই ঘুরেফিরে এল সব খেলোয়াড়ের কথায়। ওয়ালি ফয়সাল এমনও বললেন, ‘ফিলিস্তিন এমন আহামরি কী খেলেছে! আমরাই তো ভালো খেলেছি। নিজেদের দোষে গোল খেলে জেতা যায় না।’ম্যাচ শুরুর আগে হঠাৎ গ্যালারিতে সাবেক ফুটবলার মাসুদ রানা! একদল বন্ধু নিয়ে কাঠমান্ডু এসেছেন বেড়াতে। এই ফাঁকে বাংলাদেশের ম্যাচও দেখলেন। মাসুদ আক্ষেপ করছিলেন ম্যাচের পর, ‘ফিলিস্তিনের মতো দলের বিপক্ষে সুযোগ এভাবে হেলায় হারালে জেতা যায় না।’ পরক্ষণই অবশ্য তাঁর কণ্ঠে আশাবাদ ঝরল, ‘বাংলাদেশ আগামী দুই ম্যাচে ভালো করবে মনে হচ্ছে।’তবে আগামীকাল নেপালের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বাংলাদেশের জন্য। দুর্বল নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে শুভসূচনাই করেছে নেপাল।দেখা যাক কাল কী হয়!