
খানাখন্দে ভরা বেহাল সড়কটা হঠাৎ ঝা চকচকে! পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামের সামনের পিচঢালা রাস্তাটা এখন চেনাই যায় না। জিমনেসিয়ামের দেয়ালে ঝুলছে জোনাকি বাতি। বাইরে রঙিন পতাকা। এক দল বিদেশি খেলোয়াড় গাড়ি থেকে নামছেন। ছড়িয়ে ছিটিয়ে গল্প করছিলেন এনামুল, আইমান, শাপলারা। এ যেন বিয়েবাড়ির আবহ।
বেশ উৎসবের আমেজেই ঢাকায় কাল শুরু হয়েছে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জ। টুর্নামেন্টে ১২টি দেশের খেলোয়াড়দের আসার কথা থাকলেও ভিসা জটিলতায় আসেনি শুধু পাকিস্তান। বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা বিশ থেকে চল্লিশের অনেক খেলোয়াড় এসে টুর্নামেন্টটাকে দিয়েছে বাড়তি মর্যাদা। এই খেলোয়াড়দের বিপক্ষে জয় দূরে থাক, লড়াই করে দু-একটি পয়েন্ট মিললেই করতালিতে মুখর হয়ে উঠছিল ইনডোর। প্রথম রাউন্ডে বাংলাদেশের সেরা খেলোয়াড়েরা যে ছিটকে যাবেন, তা অনেকটা অনুমিতই ছিল। হয়েছেও তাই।
বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান, সাবেক চ্যাম্পিয়ন এনামুল হকদের কেউই টপকাতে পারেননি প্রথম রাউন্ড। আইমান হেরেছেন ভারতের সাবেক চ্যাম্পিয়ন চেতন আনন্দের কাছে। মালয়েশিয়ার জুনিয়র বিভাগের ৪ নম্বর র্যাঙ্কিংয়ের সতীশ থারানের কাছে হেরেছেন এনামুল। রইচ উদ্দিন, সাইফ উদ্দিন, আরিফ হোসেন, খাইরুল ইসলাম, তুষার কৃষ্ণরাও থাকলেন পয়েন্টশূন্য। শুধু ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মোয়াজ্জেম হোসেন ও আবদুল্লাহ আল মাশরাফি।
এমনিতেই বাংলাদেশের ঘরোয়া ব্যাডমিন্টনে কোনো টুর্নামেন্ট হয়নি গত এক বছর। খেলোয়াড়েরা পান না কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছে স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে, পনেরো মাস আগে। কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই বাংলাদেশ ওপেনে নেমেই আইমানদের হোঁচট খাওয়াটা ছিল স্বাভাবিক। আজ কোর্টে নামবেন মেয়েরা, তবে ফেডারেশন কর্তারা খুব একটা আশাবাদী নন মেয়েদের নিয়েও।
এমন টুর্নামেন্ট খেললেই নিজেদের অবস্থানটা বুঝতে পারেন বাংলাদেশের খেলোয়াড়েরা। খেলতে হবে বেশি বেশি। সেই হাহাকারই এনামুলের কণ্ঠে, ‘খেলাটা ছেড়ে দিতে পারি না শুধু রক্তে মিশে গেছে বলে। সারা বছর একটা টুর্নামেন্টের অপেক্ষায় থাকি। ভারতে ব্যাডমিন্টন খেলেই চাকরি পাচ্ছে ছেলেমেয়েরা, স্পনসর মিলছে। আমরা এসবের কিছুই পাই না। শুধু শীতের মৌসুমে ঢাকার বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খ্যাপ খেলে সামান্য উপার্জন করতে পারি।’
এসব আক্ষেপের মধ্যেই ২০ আগস্ট ইনডোরে শুরু হয়েছে এসএ গেমসের ক্যাম্প। সেই আবাসিক ক্যাম্পের ১৪ জন ছেলে ও ৫ মেয়ের সবাই খেলছেন এই টুর্নামেন্টে। এসএ গেমসের আগে এটিকে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় উপলক্ষই বলছেন শাটলাররা। প্রথম রাউন্ডের হারেও তাই প্রাপ্তি দেখছেন আইমান ‘এসএ গেমসের আগে এমন একটা বড় টুর্নামেন্টে খেলার দরকার ছিল আমাদের। এখানে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারলাম। কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে অভিজ্ঞতাও বেড়েছে।’ আইমানকে হারানোর পর চেতন আনন্দের কণ্ঠে ঝরল বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়ের প্রশংসা, ‘আইমান এ দেশের উদীয়মান খেলোয়াড়, সে হিসেবে ভালোই খেলেছে। ওর আরও অভিজ্ঞতা দরকার। সবচেয়ে বেশি দরকার দেশে-বিদেশে বেশি টুর্নামেন্টে খেলা।’
বাংলাদেশ ওপেনের মতো আরও অনেক টুর্নামেন্ট চান খেলোয়াড়েরা। তাহলে ঘরের কোর্টে শুরু হতেই এভাবে আর দর্শকের আসনে বসতে হবে না আইমানদের।