শাটলারদের পাশে কাওয়াসাকি
কয়েক বছর ধরে অনেকটা নীরবেই বিশ্বখ্যাত ব্র্যান্ড কাওয়াসাকি বাংলাদেশের শাটলারদের ক্রীড়াসামগ্রী দিয়ে পৃষ্ঠপোষকতা করে আসছিল। তবে এবার একটু বড় পরিসরেই আয়োজনটা করেছে কাওয়াসাকি। উদীয়মান ও বর্তমান চ্যাম্পিয়নদের হাতে তুলে দিয়েছে ব্যাডমিন্টন র্যাকেট, স্পোর্টস শু, জ্যাকেট, টি-শার্টসহ আনুষঙ্গিক সরঞ্জাম।
কাল রাজধানীর একটি হোটেলে শাটলারদের হাতে এসব ক্রীড়া সরঞ্জাম তুলে দেন দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ। প্রায় ৭০ হাজার টাকার সরঞ্জাম পেয়েছেন বর্তমান সামার ওপেন চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজ, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন শাপলা আক্তার, অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন ঊর্মি আক্তার, উদীয়মান খেলোয়াড় মোয়াজ্জেম হোসেন, আফরিনা ইসলাম, বুশরা জাহান। আগামী এক বছর কাওয়াসাকির জার্সি পরে সব টুর্নামেন্টে খেলতে হবে এঁদের। কাওয়াসাকির কান্ট্রি ডিরেক্টর ও জাতীয় দলের সাবেক শাটলার অহিদুজ্জামান রাজুর আশা, ‘কিটসগুলো পেয়ে ভবিষ্যতে ওরা আরও ভালো খেলবে।’