শাণ দিয়ে রাখলেন মেসিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশের বাইরে থাকার বিরল অভিজ্ঞতা নিয়ে বেঞ্চে বসেছিলেন। আগামীকাল বার্সেলোনার অগ্নিপরীক্ষা। এ কারণেই দলের প্রাণভোমরাকে যতটা পারা যায় বিশ্রাম দিয়ে রাখা। না-ও খেলতে পারেন—এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে একের পর এক গোলের সুযোগ তৈরি করেও স্কোরলাইনটাকে ১-০-এর বেশি বাড়িয়ে রাখতে পারছিল না দল। দুই দলের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতাটাও বার্সাকে ভয়ার্ত করে তোলে। ওই ম্যাচে ৩-০ গোলে এগিয়ে গিয়েও স্নায়ুক্ষয়ী ম্যাচটিতে বার্সা শেষ পর্যন্ত জিতেছিল ৫-৪ গোলে।অবশেষে লিওনেল মেসি নামলেন। ৬২ মিনিটে। ৮৮ মিনিটে জন্ম নিল জাদুকরি একটা মুহূর্ত। মাত্র দুই ম্যাচের ব্যর্থতাতেই সমালোচনার মুখে ফেলে দেওয়া লিওনেল মেসি করলেন দুর্দান্ত এক গোল। রক্ষণের জটলার মধ্যে নিখুঁত ওয়ান-টু। অ্যালেক্সিস সানচেজের বাড়িয়ে নেওয়া বলে আলতো চিপ। গোল! ২-০ গোলে জিতল বার্সা। এসি মিলানের বিপক্ষে মহারণের জন্য নিজেকে শাণিয়ে রাখলেন মেসিও। মেসিকে বল বানিয়ে দেওয়া সানচেজই ৩৮ মিনিটে করেছিলেন প্রথম গোল।এ নিয়ে লিগে টানা ১৭ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। লিগে নিজের ৪০তম গোলটি করার পথে একটি বিশ্ব রেকর্ডও করেছেন বলে দাবি করেছে বার্সা। ১৯৩০-এর দশকে পোল্যান্ডের রুচ শোরজো দলের হয়ে থিওডর পিউতেরেক টানা ১৬ ম্যাচে ২২ গোল করেছিলেন। মেসি শুধু টানা ১৭ ম্যাচেই গোল করলেন না, তাঁর গোলসংখ্যা ২৭। বার্সার ওয়েবসাইট বলছে, ‘মেসির টানা গোল করা ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড, যা এর আগে কোনো খেলোয়াড় করে দেখাতে পারেনি।’ মিলান ম্যাচের আগে এমন কিছু একটারই যেন দরকার ছিল আগের চার ম্যাচের তিনটিতেই হেরে বসা বার্সার, মেসিরও।ওদিকে জার্মানির বুন্দেসলিগায় ডুসেলডর্ফের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ৩-২-এ জিতেছে বায়ার্ন মিউনিখ। বার্সার মতো তারাও লিগ শিরোপা আরও একটু নিশ্চিত করে ফেলল। বার্সার মতো না বলে আসলে বার্সার চেয়েও বেশি বলাই উচিত। বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে বায়ার্ন যে ২০ পয়েন্টে এগিয়ে! ফরাসি লিগে পিছিয়ে পড়া পিএসজিকে জিতিয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোল। নাঁসি লোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে লিওঁর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। রয়টার্স, এএফপি।