শান্ত উমর যখন অশান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ এমনই ‘অশান্ত’ হয়ে উঠেছিলেন উমর আকমল। ছবি: শামসুল হক
আজ এমনই ‘অশান্ত’ হয়ে উঠেছিলেন উমর আকমল। ছবি: শামসুল হক

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংসটিই খেললেন উমর আকমল। তবে সেটা নিয়ে খুব একটা ভাবছেন না উমর আকমল। তাঁর এই ইনিংস যে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এতেই দারুণ খুশি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ধামাকা’ ইনিংস খেলা উমর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যখন এলেন, তখন কী শান্ত সৌম্য! অনেক সাংবাদিকই হয়তো ভাবছিলেন এই ছেলেটিই কিছুক্ষণ আগে কী বিক্রমেই না শাসন করল অস্ট্রেলীয় বোলারদের! মাঠের বাইরের শান্ত উমর মাঠে যেন অশান্ত-দুরন্ত!

উমর ইংরেজি জানেন না। বুঝতেও হয়তো বেশ সমস্যা হয়। বিশেষ করে ব্রিটিশ-অস্ট্রেলীয় উচ্চারণের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো অসহায়ই দেখাল তাঁকে। ভাঙা-ভাঙা ইংরেজি আর চোস্ত উর্দুর মিশেলে যা বললেন তার সারাংশ বুঝতে কারও সমস্যা হওয়ার কথা না। আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য যে বিশেষ গুরুত্বের সেটা বেশ ভালোভাবেই উপলব্ধি করেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। আর তাতেই এসেছে এই অসাধারণ জয়। উমরকে আজ ‘নিজের খেলা’টা খেলার পূর্ণ স্বাধীনতা দিয়েছিল পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনে সেটা অকপটে স্বীকারও করলেন তিনি, ‘আমি প্রথমেই ধন্যবাদ দেব আমার দলের সিনিয়র খেলোয়াড় ও ম্যানেজমেন্টকে। তাঁরা আমাকে আজ আমার নিজের খেলাটা খেলার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। তাদের উত্সাহেই আজ নিজেকে উজাড় করে দিয়েছি।’

ভাই কামরান আকমলের সঙ্গে জুটিটা দারুণ উপভোগ্য ছিল তাঁর কাছে। অনেক দিন পর পাকিস্তানের জার্সি গায়ে এই জুটি উপভোগ্য না হয়ে পারেই না, ‘অনেক দিন পর একসঙ্গে খেললাম ভাইয়ের সঙ্গে। আগে অনেকবারই নিজেরা জুটি বেঁধেছি। ভালো লাগছে জুটিটি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছে বলে।’

সহজ-সরল মানসিকতার উমর আকমল রসিকও বটে। এক সাংবাদিকের ‘টিম কম্বিনেশন’ নিয়ে করা প্রশ্নের উত্তরটি শেষ পর্যন্ত উপভোগ্য হলো সবার কাছেই, ‘আমি ও ভাই দলের এক সাধারণ সদস্য। এত কিছু বুঝি না। আমার কাজ খেলে যাওয়া। টিম কম্বিনেশন নিয়ে ভাবার দায়িত্ব ম্যানেজমেন্টের।’

গ্লেন ম্যাক্সওয়েল যখন খেলছিলেন, তখন মোটেও শঙ্কা তাঁর মধ্যে দানা বাঁধেনি, ‘আমি জানি, আমার দলের বোলিং আক্রমণ দারুণ। হারের শঙ্কা কখনোই আমার মনে আসেনি। আত্মবিশ্বাসী ছিলাম অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা যতই ভালো খেলুক শেষ পর্যন্ত আমরা জিতবই।’