শান্ত থাকার পরামর্শ রিবেরির
ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই ইউরো মাঠে গড়াচ্ছে আজ শুক্রবার। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। ফ্রান্সকে অবশ্য আজ মাঠে নামতে হচ্ছে না। দলটির প্রথম খেলা আগামী সোমবার ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ বলে উত্তাপটা আগেই টের পাচ্ছেন ফরাসি ফুটবলাররা।ইউরো নিয়ে এই উত্তেজনা যেন ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, এ জন্য আগে-ভাগে ফুটবলারদের সতর্ক করেছেন ফ্রান্সের প্লেমেকার ফ্রাঙ্ক রিবেরি। তাঁর পরামর্শ, শান্ত থাকতে হবে সবাইকে।২৯ বছর বয়সী রিবেরি মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি দুশ্চিন্তার কিছু নেই। ফ্রান্স দলে বেশ ভালো খেলোয়াড় রয়েছে। এখন প্রয়োজন কেবল শান্ত থেকে ওই ম্যাচের জন্য অপেক্ষা করা।রিবেরি বলেছেন, ‘আমাদের অনেক খেলোয়াড় ইংল্যান্ডে খেলে। ওরা ভালো ইংরেজিও জানে। গত বুধবার বেলজিয়ামের বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচটা আমরা দেখেছি। ওই ম্যাচ দেখে ইংলিশ খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পেয়েছি।’বায়ার্ন মিউনিখের এই তারকা বলেন, ‘আমরা অবশ্যই আমাদের প্রস্তুতি নেব। এখনো কয়েক দিন হাতে রয়েছে। আমাদের মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে। খেলা শুরু হওয়ার আগে এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এটি শুধু অনাকাঙ্ক্ষিত চাপ বাড়াবে।’রিবেরি স্বীকার করেন, দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের অন্যতম তিনি। তাই এবারের ইউরোপ অভিযানে তাঁর ওপর যথেষ্ট দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘কোচ লরাঁ ব্লাঁ সব সময় আমার ওপর আস্থা রেখেছেন। আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে। তাঁর সহকারীর সঙ্গেও আলোচনা হয়েছে। এমনকি আমার সঙ্গে কথা বলার জন্য তাঁরা মিউনিখ পর্যন্ত গেছেন। এটা আমার কাছে অনেক বেশি গর্বের।’ সূত্র: ওয়েবসাইট।