শান্তই থাকবে বিসিবির বার্ষিক সভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির পরিচালনা পরিষদের গতকালের সভার পর আজকের বার্ষিক সাধারণ সভার আবহাওয়া শান্তই থাকার কথা। গঠনতন্ত্রের যে সংশোধনী প্রস্তাব নিয়ে বার্ষিক সভায় ঝড় ওঠার শঙ্কা ছিল, কাল বোর্ড সভায় সেটা পরবর্তী জরুরি সভায় (ইজিএম) উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে। জরুরি সভার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩০ নভেম্বর। সংশোধনী প্রস্তাব নিয়ে কারও কোনো অভিযোগ বা বক্তব্য থাকলে সেটা ২৮ অক্টোবরের মধ্যে বোর্ডকে জানাতে হবে।কালকের বোর্ড সভায় ২০১১ বিশ্বকাপের উৎসব শুধু ঢাকা আর চট্টগ্রামে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের সময় একযোগে ৬৪টি জেলাসহ দেশের ৯০টি স্থানে হবে বিশেষ অনুষ্ঠান, কনসার্ট এবং আতশবাজির উৎসব। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের দিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে আতশবাজির অনুষ্ঠান ও পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশেষ কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশে যে দলগুলো খেলবে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাদের সব খেলোয়াড়-কর্মকর্তা। বাকি দলগুলোর পক্ষে আসবেন অধিনায়ক ও ম্যানেজার। এ ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার আগে মহিলা ক্রিকেট দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হংকং পাঠানোর সিদ্ধান্ত এবং জিম্বাবুয়ে সিরিজের টিকিটের দামও চূড়ান্ত হয়েছে গতকালের সভায়। ভিআইপি গ্যালারির টিকিট ১ হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি ৩০০, ক্লাব হাউস ২০০ ও গ্যালারি ৫০ টাকা।৩০ নভেম্বর এজিএমের নতুন তারিখ পড়ায় এবং সংশোধনী প্রস্তাব নিয়ে বক্তব্য জানানোর সময় নির্দিষ্ট করে দেওয়ায় আজকের বার্ষিক সভায় সেটি উত্থাপনের সম্ভাবনা কমে এসেছে। ২০০৬ সালে সর্বশেষ বার্ষিক সভার পর বিভিন্ন অর্থবছরের বাজেট ও অডিট রিপোর্ট অনুমোদন, গত বার্ষিক সভার কার্যবিবরণী অনুমোদনের মতো সাধারণ বিষয়গুলো নিয়েই আলোচনা হওয়ার কথা সভায়।সিইওর পরিবর্তে বিসিবিতে সিওও নিয়োগের প্রস্তাবসহ আরও অনেক কারণেই বিতর্কিত হয়ে পড়েছে প্রস্তাবিত সংশোধনী। গঠনতন্ত্র কমিটি ‘ভাষাগত ভুল’ বললেও প্রস্তাবিত সংশোধনী অনুমোদন হয়ে গেলে ভবিষ্যতে জাতীয় দল গঠন করবেন বোর্ড পরিচালকেরা! ২০০৮-এর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য টুর্নামেন্টে বিভাগীয় ও জেলা দলগুলোর ‘প্রতিবছর’ অংশগ্রহণ বাধ্যতামূলক থাকলেও নতুন সংশোধনীতে ‘প্রতিবছরের’ জায়গায় ‘নিয়মিত অংশগ্রহণের’ প্রস্তাব করা হয়েছে। ‘প্রতিবছর’ অংশগ্রহণের বাধ্যবাধকতা থাকার পরও যেখানে সব জেলায় খেলা হয় না, সেখানে ‘নিয়মিত অংশগ্রহণের’ প্রস্তাব অনুমোদন হলে ঢাকার বাইরের ক্রিকেট আরও স্থবির হয়ে পড়বে সন্দেহ নেই।