শান্তি-স্মরণ
১৯১৪ সালের ২৫ ডিসেম্বর। প্রথম মহাযুদ্ধের করাল গ্রাসে গোটা ইউরোপ। বিশ্বযুদ্ধের ভয়ংকর ধ্বংসলীলার মধ্যেই সেদিন এসেছিল যিশুখ্রিষ্টের জন্মদিন, ক্রিসমাস। মানবজাতির মধ্যে ভালোবাসার বাণী ছড়ানো এই মহাপুরুষের জন্মদিনেই ঘটেছিল যুদ্ধের সবচেয়ে হূদয়স্পর্শী ঘটনাটা। যুদ্ধের ময়দানে একে অন্যকে খুনের নেশায় মেতে থাকা বিরুদ্ধ দুটি পক্ষ সেদিন ক্ষণিকের জন্য হলেও উড়িয়েছিল শান্তির শ্বেত কপোত। বেলজিয়াম ও ফ্রান্স সীমান্তের শূন্যরেখায় ফুটবল খেলেছিলেন ব্রিটিশ ও জার্মান সেনারা। শুধু খেলাই নয়, সিগারেট ও টুকিটাকি উপহারও বিনিময় হয়েছিল দুই পক্ষের যোদ্ধাদের মধ্যে।প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী আগামী বছর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই ব্রিটিশরা স্মরণ করবে সেই ভয়াল স্মৃতিকে। সেটিরই অংশ হিসেবে পুনর্মঞ্চায়ন হবে যুদ্ধমান দুই পক্ষের সেই ফুটবল খেলাটাও। শতবার্ষিকী অনুষ্ঠানের দেখভালের দায়িত্ব পাওয়ার ব্রিটেনের জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রু মরিসন জানিয়েছেন ব্রিটিশ ও জার্মান স্কুলছাত্ররা অংশ নেবে সেই ফুটবল ম্যাচে। আর ম্যাচটির আয়োজন হতে পারে বেলজিয়ামের সেই যুদ্ধক্ষেত্রে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে যোগাযোগও করেছে মন্ত্রণালয়। এএফপি।