শান্তির খোঁজে মন্দিরে জোকোভিচ
প্রথম দিন রাফায়েল নাদাল, তৃতীয় দিন রজার ফেদেরার। উইম্বলডনে নক্ষত্রপতনের এই ধারায় বোধ হয় বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তাই এমনিতেই প্রত্যাশার চাপটা তাঁর ওপর একটু বেশিই। তার ওপর হঠাৎ করেই অল-ইংল্যান্ড ক্লাবের এই পাগলাটে রূপ। চেপে বসা চাপটাপ কমাতে, নিজেকে নির্ভার করতে তাই একটু ব্যতিক্রমী পথেই হাঁটলেন সার্বিয়ান তারকা। পরশু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ঘুরে এলেন লন্ডনের একটি বৌদ্ধ মন্দিরে। মন্দিরের শান্তসমাহিত পরিবেশে কাটালেন বেশ খানিকটা সময়। ফলটাও হাতেনাতে পেলেন, নির্ভার মন নিয়ে খেলে দুই ঘণ্টার কম সময়ে যুক্তরাষ্ট্রের ববি রেনল্ডসকে উড়িয়ে দিলেন ৭-৬ (৭/২), ৬-৩, ৬-১ গেমে। উঠে গেলেন তৃতীয় রাউন্ডে। মন্দিরটা উইম্বলডনে জোকোভিচের ভাড়া বাড়ির কাছেই। বান্ধবী ইয়েলেনা রিস্টিককে নিয়ে গেলেন সেখানেই। ব্যস্ত সূচির মাঝে সামান্য এই বেড়ানোটাই যে কতখানি সুফল বয়ে আনে সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ের অভিযানে নামা জোকোভিচের কথাতেই পরিষ্কার, ‘সব মিলিয়ে চাপ তো বিশাল। তাই আপনাকে এমন জায়গায় যেতে হবে যেখানে সব চিন্তা থেকে দূরে থাকবেন ও নিজেকে সতেজ করে নেবেন।’ তৃতীয় রাউন্ডে উঠেছেন ব্রিটেনের লরা রবসনও। কাল সেন্টার কোর্টে কলম্বিয়ার মারিয়ানা ডুকে-মারিনোকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন। কাল এ ম্যাচ দেখতে এসেছিলেন ইংল্যান্ডের তিন ক্রিকেট অধিনায়ক অ্যালিস্টার কুক, অ্যান্ড্রু স্ট্রাউস ও জিওফ বয়কট। এএফপি।স্তাখোভস্কির বিদায়মাত্র দুদিন আগেই রজার ফেদেরারকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন সার্গিই স্তাখোভস্কি। ১৭টি গ্র্যান্ড স্লামের মালিককে হারানোর আনন্দটা ঠিকমতো উপভোগ করার আগে নিজেই ঝরে পড়লেন এই ইউক্রেনিয়ান। কাল তৃতীয় রাউন্ডে অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলজারের কাছে ৬-২, ২-৬, ৭-৫. ৬-৩ গেমে হেরেছেন স্তাখোভস্কি।