শান্তির ম্যাচে আমন্ত্রণ ম্যারাডোনাকে
এ ম্যাচে জিতলে তিনি কোনো শিরোপা পাবেন না। কিন্তু খেললেই জয় করবেন অনেক মানুষের হূদয়। আর্থিকভাবে হয়তো খুব বেশি কিছু পাওয়ার সুযোগ নেই। কিন্তু অস্থির জনপদে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার মতো বড় প্রাপ্তি আর কী হতে পারে? কলম্বিয়ায় চলমান সরকার ও সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত অবসানে আয়োজিত এমনই এক প্রীতি ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। আমন্ত্রণটা কি গ্রহণ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি?
কলম্বিয়ার বিদ্রোহী দল ফার্কের সঙ্গে সমঝোতার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে কলম্বিয়ান সরকার। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কিউবায় চলমান এ আলোচনার সময়টাতেই দুই পক্ষের মধ্যে একটা প্রীতি ম্যাচের প্রস্তাব করেছিলেন সাবেক কলম্বিয়ান ফুটবলার কার্লোস ভালদেরামা। সে আমন্ত্রণ গ্রহণ করেছে বিদ্রোহী পক্ষ। সাবেক কলম্বিয়ান ফুটবলারদের নিয়ে গঠিত একটা দলে খেলবেন ভালদেরামা নিজেও। শান্তির জন্য খেলা মন্ত্রে উজ্জীবিত এ ম্যাচে খেলার জন্য দুই পক্ষ থেকেই আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে।
হাভানায় সত্যি সত্যি ম্যারাডোনা খেলতে যান কি না সেটাই এখন দেখার। রয়টার্স।