
রিও ডি জেনিরোর ভুবনবিখ্যাত মূর্তি ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ থেকে মারাকানার আবছা অবয়ব চোখে ভাসে। ৪১৬ কিলোমিটার দূরে বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরো চোখের অনেক আড়ালে। কিন্তু পরশু রিওর যিশু যেন উড়ে এসে ভর করলেন মিনেইরোতে। সবাই অবাক বিস্ময়ে দেখল, যিশুর মতো ব্রাজিলের ত্রাণকর্তা হয়ে এসেছেন আরেকজন, ৩৪ বছর বয়সী গোলরক্ষক হুলিও সিজার।
ব্রাজিলের ত্রাণকর্তা গোলরক্ষক! তেলে-জলে ঠিক যেন মিশ খেলো না। যেখানে জন্মানোর পর থেকেই শিশুরা বল নিয়ে কারিকুরি করে, গোল করাটা যেখানে উপাসনার মতোই পরমব্রত, সেখানে গোলরক্ষক কীভাবে ত্রাতা হয়ে আসেন! ভালো গোলরক্ষকের আকাল ব্রাজিলে সব সময়ই। আর ব্রাজিলের সবচেয়ে বড় বিয়োগগাথার সঙ্গে একজন গোলরক্ষকই জড়িয়ে আছেন। ১৯৫০ বিশ্বকাপে উরুগুয়ের সঙ্গে সেই ভুলের আফসোস তো আজীবন তাড়া করে বেরিয়েছে বারবোসাকে। একটা ভুলের জন্য আমৃত্যু ছিলেন অভিশপ্ত, মুক্ত হয়েও ছিলেন রুদ্ধ কারাগারে।
সিজারের এসব না-জানার কথা নয়। জানতেন, খেলা যখন টাইব্রেকারে, তাঁর ওপরই নির্ভর করছে অগণিত ভক্তের আশা। স্তাদিও মিনেইরোর গগনবিদারী কোরাসটা হয়তো একটু স্নায়ুচাপে ফেলে দিয়েছিল তাঁকে। টাইব্রেকার শুরু হওয়ার আগেই ধরে রাখতে পারলেন না অশ্রু। লটারিতে গিয়ে কি আবেগটাকে বশ মানাতে পারবেন? সিজার পারলেন। প্রথম দুটি শট ঠেকিয়ে চিলির বুকে ফেলেছেন শেলসম আঘাত। গঞ্জালো হারার শেষ কিকটা যখন পোস্টে লাগল, সতীর্থরা স্রোতের মতো ছুটে এলেন তাঁর দিকে। আলিঙ্গন করে, কোলে নিয়ে, চুমু খেয়ে যেন বুঝিয়ে দিলেন, এই জয়টা তাঁর জন্যই। অন্ধকারে পথ হাতড়াতে থাকা ব্রাজিলকে দিশা দেখিয়েছেন তো এই সিজারই!
ম্যাচের পর মাইক্রোফোনের সামনে আবার আবেগের ঢল। চোখের কোণে চিকচিকে অশ্রু নিয়েই ধরা গলায় বলে গেলেন, ‘আমি সব সময়ই একটু বেশি আবেগময়। সেটা আমি কখনোই কারও কাছে আড়াল করি না। আমি কাঁদছি, কারণ অনেকেই সমর্থন জানাতে এসেছিল, আমাকে ভালো ভালো অনেক কিছু বলেছিল। আমার পক্ষে তাই অশ্রু ধরে রাখা সম্ভব হয়নি।’
আবেগটা যে সিজারের বেশিই, সেটা তো চার বছর আগেই দেখা গিয়েছিল। হল্যান্ডের কাছে ওই হৃদয় ভেঙে দেওয়া পরাজয়ের স্মৃতিটা সিজার ভোলেন কী করে! স্নাইডারের কিক থেকে হওয়া গোলের দায়টা তো তাঁরই ছিল। অবশেষে পেলেন প্রায়শ্চিত্ত করার সুযোগ। সেবার চোখের জলে মাঠ ছেড়েছিলেন। পরশুর দুকূলপ্লাবী আনন্দাশ্রুতে যেন ধুয়েমুছে গেল চার বছরের বয়ে চলা হাহাকার। সিজারের কণ্ঠে দায়মুক্তির আনন্দ, ‘আমি চার বছর আগে দুঃখে কেঁদে ফেলেছিলাম, এবার কেঁদেছি খুশিতে। শুধু ঈশ্বর ও আমার পরিবারই জানে আমাকে কিসের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে।’
গোটা ক্যারিয়ারটাই তো চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। ইন্টার মিলানের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। তবে ২০১২ থেকেই যেন উল্টোরথে চলতে শুরু করল ক্যারিয়ার। ইংলিশ ক্লাব কিউপিআরে এসেও হয়ে রইলেন তৃতীয় পছন্দের গোলরক্ষক। ২০১৪ সালে আবার ঠিকানা বদলে এলেন মেজর লিগ সকারের ক্লাব টরন্টোতে। ক্লাব ফুটবলের পাদপ্রদীপের আলো থেকে অনেক আগেই হারিয়ে গেছেন। তবে জাতীয় দলে স্কলারি এখনো ভরসা রেখেছেন তাঁর ওপর। সিজার সেটারই প্রতিদান দিতে চান, ‘ক্যারিয়ারে অনেক রকম অনুভূতিই পেয়েছি। তবে বিশ্বকাপের ট্রফিতে চুমু খেয়ে সেটাকে লাখো ব্রাজিলিয়ানের সঙ্গে উঁচিয়ে ধরতে পারা হবে সবার ওপরে।’
চিলির সঙ্গে যা করেছেন, এরপর সিজারকে সেই উপহার দেওয়ার দায় এখন নেইমারদের! ইয়াহু স্পোর্টস, ফিফাডটকম, গোলডটকম।