শাপমোচনের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে তুমি এলে! আট বছর পর বিশ্বকাপে গোল করে উচ্ছ্বাস আর আবেগ বাঁধ মানল না মেসির! l এএফপি
অবশেষে তুমি এলে! আট বছর পর বিশ্বকাপে গোল করে উচ্ছ্বাস আর আবেগ বাঁধ মানল না মেসির! l এএফপি

প্রেমিকার মান তবু ভাঙানো সহজ; কিন্তু বিশ্বকাপের অভিমান বড় কঠিন! ম্যাচের পর ম্যাচ ফুটবলের বরপুত্রকে গোলের অপেক্ষায় রেখেছিল ফুটবলের সবচেয়ে বড় আসর৷ ২০০৬ সালে ফ্রাঙ্কফুর্টে শুরু হওয়া সেই অপেক্ষার অবসান আট বছর পর রিও ডি জেনিরোতে এসে৷ ভাঙল বিশ্বকাপের ৬২৩ মিনিটের অভিমান৷ অবশেষে আরেকটি বিশ্বকাপ গোল পেলেন লিওনেল মেসি!
প্রথম গোলটি কবে, মেসির নিশ্চয়ই দিন-তারিখ ধরেই মনে আছে৷ প্রথম বিশ্বকাপ গোল বলে কথা৷ বাকি ফুটবল বিশ্বের সেটা মনে রাখার কথা নয়৷ গোল আর রেকর্ড যাঁর নিত্যসঙ্গী, তাঁর আট বছর আগের একটি গড়পড়তা গোল কেন মনে রাখবে সবাই৷ অথচ গত কিছুদিনে ওই গোলটির চর্চা হয়েছে অনেক, লেখায়-কথায়-আলোচনায় উঠে এসেছে বারবার৷ পরশুর আগে সেটিই যে ছিল বিশ্বকাপে মেসির একমাত্র গোল! সেই গোলটির আট বছর পূর্তি ছিল গতকাল৷ ১৬ জুন ২০০৬, গেলসেনকারসেনে স্বপ্নের ফুটবল খেলে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা৷ আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে (১৮ বছর ৩৫৮ দিন) বিশ্বকাপ অভিষেক হয়েছিল মেসির৷ ৭৪ মিনিটে ম্যাক্সি রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল বানিয়ে দিয়েছিলেন হার্নান ক্রেসপোকে৷ অভিষেকটা পরে আরও রাঙিয়েছিলেন দলের শেষ গোলটি করে৷ কে জানত, অমন রঙিন অভিষেকের পর বিশ্বকাপ গোল হয়ে উঠবে ডুমুরের ফুল!
২০০৬ বিশ্বকাপে পরের ম্যাচে হল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে খেলেছেন শুরু থেকেই৷ দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ৮৪ মিনিটে মাঠে নেমে একবার বল জালে জড়িয়েছিলেন৷ কিন্তু সেই গোল কাটা পড়ে বিতর্কিত অফসাইডের খাঁড়ায়৷ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে বুকভাঙা সাক্ষী হলেন স্রেফ ডাগআউটে থেকেই৷ জার্মানি বিশ্বকাপের সম্ভাবনাময় ফুল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গেল পুরো প্রস্ফুটিত হয়ে৷ ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জিতেছেন তখন, গোল করছেন প্রায় নামতা গুনে৷ বিশ্বকাপে কোচ ডিয়েগো ম্যারাডোনা অবশ্য একটু নিচে নামিয়ে প্লে মেকারের ভূমিকায় খেলালেন মেসিকে৷ তবে গোল না পাওয়ার কারণ সেটি নয়৷ সুযোগ অনেকগুলোই পেয়েছেন, কিন্তু কখনো বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন নাইজেরিয়ান গোলকিপার ভিনসেন্ট এনিয়ামা, কখনো গোলপোস্ট-ক্রসবার, কখনো বাইরে চলে গেছে পোস্টে বাতাস লাগিয়ে৷ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গঞ্জালো হিগুয়েইনের হ্যাটট্রিকসহ দলের চার গোলেই অবদান ছিল মেসির, পরের ম্যাচে গ্রিসের বিপক্ষে দলে দুটি গোলই তাঁর বানিয়ে দেওয়া৷ দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে গোল করালেন কার্লোস তেভেজকে দিয়ে৷ কিন্তু নিজের গোল অধরা! আবার জার্মান দুঃস্বপ্নে শেষ হলো আরেকটি বিশ্বকাপ অভিযান৷ গোল না পেলেও বিশ্বকাপে গোল্ডেন বলের মনোনয়ন পেয়েছিলেন৷
সেবার দুর্দান্ত খেলেও গোল পেলেন না৷ অথচ পরশু ছিলেন নিজের ছায়া হয়ে৷ পুরো ম্যাচে নিষ্প্রভ, কিন্তু একটি মুহূর্তে অসাধারণ৷ ওই একটি মুহূর্তেই কেটে গেল খরা, হলো শাপমোচন, তৃপ্তি, স্বস্তি, আনন্দ, সবকিছু৷ দুই মিনিট আগে ফ্রি কিক বারের অনেক ওপর দিয়ে মারায় যে গ্যালারিতে দুয়োর সুর, চোখধাঁধানো গোলের পর সেই গ্যালারিই বাকি সময়টুকু গলা ফাটাল মেসির নামে৷ সমর্থকদের বিশ্বাস পেতে, বিশ্বকাপের মান ভাঙাতে প্রয়োজন ছিল হয়তো অমন বিশেষ কিছুরই! ওয়েবসাইট৷