শাপমোচনের গোলেও অস্বস্তি
শাপগ্রস্ত রাজকুমারের তাহলে শাপমোচন হলো?
কিন্তু তাঁর রাজ্যের পরিস্থিতি? সেটি রাজকুমারের কপালে ঠিকই ভাঁজ ফেলছে।
ভাঁজ-টাজ নিয়ে পরে কথা হোক। শাপমোচনের ব্যাপারটা আগে বলে নেওয়া যাক। যা এরই মধ্যে হয়তো আপনার জানা হয়ে গেছে। তার পরও এটি না বলে যে লেখা শুরু করা যাচ্ছে না!
সার্বিয়া ও মন্টেনেগ্রো। বসনিয়া ও হার্জেগোভিনা। দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় মিল? অবশ্যই যুগোস্লাভিয়া ভেঙে নতুন পতাকায়। গত পরশু মারাকানায় বিনি সুতোর আরেকটি মালায় গাঁথা হয়ে গেল এই দুই দেশ। বিশ্বকাপে লিওনেল মেসির দুটি গোলে।
কী আশ্চর্য, তারিখটাও প্রায় মিলেই গিয়েছিল! ২০০৬ বিশ্বকাপে গেলসেনকির্সেনে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ১৮ বছরের মেসি যেদিন গোল করলেন, সেটি ছিল ১৬ জুন। দ্বিতীয় গোলটি এল ১৫ জুন তারিখে। মাঝখানে আট বছর!
মাঠে মেসির ৬২৩ মিনিট! হ্যাঁ, ৬২৩-ই! হিসাব করে দেখছি, যা দিয়ে প্রায় ৭টি ম্যাচ হয়ে যায়। গোল করাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছে যাঁর বাঁ পা, একটি গোলের জন্য সেই মেসির ৬২৩ মিনিটের হাহাকার! গত পরশু ম্যাচের ৬৫ মিনিটে মারাকানাকে উত্তাল করে তোলা গোলের পর কর্নার ফ্ল্যাগের দিকে যে দৌড়টা দিলেন, সেটি আসলে শাপমুক্তির আনন্দে। শুধুই একটা গোল মেসিকে এতটা উদ্বেল করে তুলতে পারে না। তা সেই গোল যতই অসাধারণ হোক না কেন।
আর্জেন্টাইন ফুটবল-ভক্তদের মনে দুটি ‘এম’ পাশাপাশি বেদিতে তুলে রাখা। ম্যারাডোনা ও মেসি। ম্যাচ শুরুর সাত-আট ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের আঙিনায় আর্জেন্টাইনদের বুকে-পিঠে-হাতে ঘুরে বেড়াচ্ছিলেন এঁরা দুজন। ম্যারাডোনার সঙ্গে চেহারা ও আকৃতিতে আশ্চর্য মিল এক তরুণের গায়ে ১০ নম্বর জার্সি। ওপরে লেখা ম্যারাডোনা, নিচে মেসি। চার-পাঁচ তরুণের হাতে বিশাল এক ব্যানার। যাতে লেখা: ম্যারাডোনা ইজ গড, পোপ ইজ ফ্রান্সিস, মেসি ইজ দ্য কিং। এর কয়েক হাত দূরেই স্টেডিয়ামের সীমানা ও রাস্তার বিভাজক ফেন্সিংয়ে ঝুলতে থাকা ব্যানারের নিচে বসে বড় একটা জটলা। ব্যানারে হাবিজাবি কী লেখা। যেটির মর্মবাণী বুঝতে স্প্যানিশ বোঝার প্রয়োজন নেই। দুই পাশের দুটি ছবিই যথেষ্ট। বাঁয়ের ছবিটি ইতিহাস—বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন ম্যারাডোনা। ডানের ছবিটি ভবিষ্যদ্রষ্টার আঁকা—ট্রফি হাতে লিওনেল মেসি।
তরুণদের একজন ভালো ইংরেজি বলতে পারেন। যিনি সগর্বে জানিয়ে দিলেন, বসনিয়া ম্যাচে নিয়ে এলেও এই ব্যানার আসলে ১৩ জুলাইয়ের জন্য। যেদিন মারাকানায় বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন মেসি। আরে, ‘এম’ তো দেখছি তাহলে তিনটি হয়ে যাচ্ছে! ‘মারাকানা’র আদ্যক্ষরও তো ‘এম’!
ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে আনন্দমুখর অ্যারেনা সাও পাওলো বুঝিয়ে দিয়েছিল, অসন্তোষ-বিক্ষোভ পেছনে ফেলে ব্রাজিলিয়ানরা এখন বিশ্বকাপকে বরণ করে নিতে প্রস্তুত। রিওতে উৎসবের রঙে রাঙিয়ে আর্জেন্টাইনরা পেছনে ফেলে দিল তাঁদেরও। সন্ধ্যা ৭টায় ম্যাচ। সকাল থেকেই মারাকানার বাইরে ‘ওলে, ওলে’ ধ্বনি। আর্জেন্টাইনরা রাস্তায় নাচছে-গাইছে। চারপাশে পুলিশ সতর্ক প্রহরায়। মাঝেমধ্যেই এর-ওর সঙ্গে লেগে যাচ্ছে দেখে একটু পর পর অশ্বারোহী পুলিশকে চক্কর দিতে হলো। অনেক আর্জেন্টাইনই ম্যাচ শুরুর পরও রাস্তায়ই থাকল, কেউ বা ছুট লাগাল কোপাকাবানা সৈকতের ফ্যান-ফেস্টে। যেখানে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর বন্দোবস্ত করা হয়েছে। ‘ব্যবস্থা একটা হবেই’ ভেবে অনেকেই চলে এসেছেন। কিন্তু একটা টিকিটের জন্য আকুতি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত।
গত পরশুর আগে এই মারাকানায় সর্বশেষ বিশ্বকাপ ম্যাচটি ফুটবল ইতিহাসে এক বিস্ময়। ১৯৫০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী সেই ম্যাচে দর্শক ছিল প্রায় দুই লাখ। আর কোনো ফুটবল ম্যাচ এত দর্শক দেখেনি। কোনো দিন আর দেখবেও না। যেটিতে উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজয়ে জন্ম ‘মারাকানাজো’র। নতুন করে সাজানো সেই মারাকানায় এদিন ৭৫ হাজার ছুঁই-ছুঁই দর্শক। আর্জেন্টিনা খেলল যেন নিজেদের মাঠেই। গ্যালারিময় আর্জেন্টাইনে মারাকানা যেন মনুমেন্টাল স্টেডিয়াম। বসনিয়ান সমর্থকেরা যেখানে এমনই সংখ্যালঘু যে, তাদের চিৎকার শুরু হতে না-হতেই সেটি চাপা পড়ে গেল হাজারো আর্জেন্টাইনের কোরাসে।
কী আশ্চর্য, আলবিসেলেস্তের প্রতি দুয়োধ্বনিও উঠল সেখান থেকেই! বিবর্ণ আগুয়েরো পোস্টের ওপর দিয়ে মারার পর। প্রথমার্ধে গোছানো বসনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ছন্নছাড়া। মেসিও তা-ই। তার পরও ভাগ্য আর্জেন্টিনার জন্য উপহার বরাদ্দ রেখেছিল বলে বিরতির সময় স্কোরলাইন ১-০। ২ মিনিট ৮ সেকেন্ডের মাথায় বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম আত্মঘাতী গোল খেয়ে বসেছে বসনিয়া।
বিরতির বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই মেসি টানেলে অদৃশ্য। বাকি খেলোয়াড়েরা তখন মাঠ থেকেও বেরোতে পারেনি। কোচ সাবেলার সঙ্গে কথা বলতেই কি অমন তাড়াহুড়ো! ম্যাচের আগের দিন সাবেলার সংবাদ সম্মেলনটা ছিল অদ্ভুত। কারা খেলবেন, কোন পদ্ধতিতে খেলাবেন কোনো কিছুই নাকি ঠিক করেননি। বারবার তা শুনতে শুনতে বিরক্ত এক আর্জেন্টাইন সাংবাদিক রেগেমেগে বললেন, ‘আপনি কি কিছু লুকোতে চাইছেন নাকি! ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও কিছুই ঠিক করেননি, এ কেমন কথা?’ যেটির জবাবে সাবেলা তোতা পাখির মতো আগের কথাই বললেন আরেকবার। ৫-৩-২ না ৪-৩-৩ বড় প্রশ্ন ছিল এটাই। সাবেলাও ছিলেন দোটানায়। মেসির খেলা খুলতে পাশে দুজনকে লাগে। আবার প্রথম ম্যাচে একটু সতর্কও থাকতে চান। শেষ পর্যন্ত সাবধানী ৫-৩-২ এবং সেটির অকার্যকারিতা প্রমাণ হতেও সময় লাগল না। মেসির কিছুই হচ্ছিল না। ওয়ান-টু খেলার জন্য কাউকে না পেয়ে একা বল নিয়ে এগোতে যান, বসনিয়ানরা আটকে দেন। ফ্রি-কিক পারেন, আকাশে উড়ে যায়।
আর্জেন্টাইন সাংবাদিকদের অনুমান, দ্বিতীয়ার্ধে একই সঙ্গে দুটি পরিবর্তন করে হিগুয়েইন ও গ্যাগোকে নামিয়ে দেওয়ায় মেসির ভূমিকা না থেকে পারেই না। মূলত গোলটির জন্যই ম্যান অব দ্য ম্যাচ মেসি সংবাদ সম্মেলনে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়ে উঠে যাওয়ার আগে প্রকারান্তরে এই ধারণাকে সমর্থনই করে গেলেন। হিগুইয়েন নামার পর তাঁর খেলতে সুবিধা হয়েছে জানিয়ে।
মেসির জাদুকরি ওই আড়াআড়ি দৌড় শুরুর আগে হিগুইয়েনের সঙ্গেই ওয়ান-টু হয়েছে। কাঁধ থেকে সিন্দাবাদের ভূত নামিয়ে দেওয়া ওই গোলের পর মেসি-ঝলকও দেখা গেল দু-একবার। কিন্তু ম্যাচ শেষে তাঁকেও স্বীকার করতে হলো, ট্রফি হাতে ম্যারাডোনা-মেসির ওই ব্যানারকে সত্যি করতে হলে আরও অনেক উন্নতি করতে হবে। একটু আগে সাবেলা তাঁর দলকে ১০-এর মধ্যে ৬ দিয়ে গেছেন। নিরপেক্ষ দর্শকের কাছে বসনিয়া অবশ্যই আরও বেশি নম্বর পাবে। বিশ্বকাপ অভিষেকে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের সবচেয়ে গরিব দেশটি তো ফেবারিটদের কাঁপিয়েই দিল। গোলপোস্টের নিচে রোমেরো দুর্দান্ত দুটি সেভ না করলে আর্জেন্টাইন সমর্থকদের আর গান গেয়ে ফেরা হয় না। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন কী একটা টেলিভিশনের হয়ে কাজ করছেন বিশ্বকাপে। ম্যাচ শেষে টেকো মাথা নেড়ে বললেন, আর্জেন্টিনার খেলায় একদমই খুশি নন। শুধু প্রথম ম্যাচ বলে একটু গ্রেস মার্ক দিতে চান।
শাপমোচনের গোলও তাই মেসির মনে পুরোপুরি প্রশান্তি আনতে পারছে না। সিংহাসনে বসার অপেক্ষায় থাকা রাজকুমার রাজ্যের এ অবস্থায় কীভাবে তা থাকেন!