শাপলা-এলিনাদের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উডেনফ্লোরে নানা দেশের নানা রঙের খেলোয়াড় এসেছেন। তাই জিমনেশিয়ামটা ঝলমল করছে রীতিমতো। সন্ধ্যার পর আলোকসজ্জায় পরিবেশটা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের প্রথম দিনটা কেটেছে বাংলাদেশে, এমনটা হয়তো বলা যাবে না। তবে একেবারে খারাপও কাটেনি। মিশ্র একটা দিনই আসলে কাটাল স্বাগতিকেরা।
শেষ ষোলোতে উঠেছেন বাংলাদেশের তিন খেলোয়াড় বৃষ্টি খাতুন, দুলালী হালদার ও এনামুল হক। মেয়েদের এককে রাউন্ড-৩২-এ বৃষ্টি হারিয়েছেন নেপালের জেসিকা গুড়ংকে। মালদ্বীপের নাফাকেরির বিপক্ষে জিতেছেন দুলালী। ছেলেদের রাউন্ড-৩২-এ এনামুল তীব্র লড়াইয়ের পর হারিয়েছেন ভিয়েতনামের নগুয়েন গিয়াংকে।
তবে দিন ভালো কাটেনি দেশের সেরা দুই নারী শাটলার শাপলা খাতুন ও এলিনা সুলতানার। প্রথম রাউন্ড থেকেই তাঁরা দুজনই বিদায় নিয়েছেন। শাপলা হেরেছেন ভারতের রেশমা কার্তিকের কাছে, এলিনার বিপক্ষে জিতেছেন ভিয়েতনামের নগুয়েন থাই সেন।
প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশের আবদুল হালিম লোকমান ওই রাউন্ডেই বিদায় নিয়েছেন। এনায়েত সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলে ওই রাউন্ডেই ভারতের শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে হেরেছেন। এককে হারলেও মিশ্র দ্বৈতে এনায়েত অবশ্য দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাবিলাকে সঙ্গী করে। এই জুটি হারিয়েছে মালদ্বীপের জুটিকে। এককে প্রথম রাউন্ড জেতা আহসান হাবিব পরশও হেরেছেন দ্বিতীয় রাউন্ডে।