শামসুরের চোট লিগামেন্টে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু চ্যালেঞ্জ সিরিজের শেষ ম্যাচে বাঁ পায়ের অ্যাংকেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শামসুর রহমান। কাল এমআরআই রিপোর্ট থেকে জানা গেল, তাঁর চোটটা লিগামেন্টে। চোটের কারণে শামসুরকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটি বোঝা যাবে আরও দু-এক দিন পর।
তবে চোটের কারণে আজ বিজয় দিবস ক্রিকেটে খেলতে পারছেন না জাতীয় দলের এই ব্যাটসম্যান। তাঁর পরিবর্তে শহীদ জুয়েল একাদশে নেওয়া হয়েছে রনি তালুকদারকে। এ ছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাতক্ষীরা থেকে ঢাকায় আসতে না পারায় ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ ম্যাচে শহীদ জুয়েল একাদশে খেলবেন না পেসার রবিউল ইসলামও। তাঁর জায়গায় নেওয়া হয়েছে মোহাম্মদ শরীফকে।