
২০১৫ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলে সেই যে চোট পেলেন এরপর আর মাঠে ফেরা হয়নি। তবে সময়মতোই ফিরলেন মোহাম্মদ শামি। এক বিশ্বকাপ খেলে চলে গিয়েছিলেন মাঠের বাইরে, ফিরলেন আরেক বিশ্বকাপে। এটি অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। শামির তো দেখা যাচ্ছে বিশ্বকাপ-কপাল!
প্রায় এক বছর পর পরশু ভারতের জার্সিতে বোলিং করেছেন শামি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ ওভার বল করে ৩০ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। এত বড় টুর্নামেন্টের আগে শামিকে দলে ফিরতে দেখে উৎফুল্ল রোহিত শর্মা, ‘একজন পেস বোলারের জন্য হাঁটুর চোট কাটিয়ে ফেরা খুব কষ্টকর। এটি ছিল তাঁর প্রথম ম্যাচ এবং খুব ভালো করেছে সে। পরিকল্পনা অনুযায়ী বল করেছে—ইয়র্কার, বাউন্সার, স্লোয়ার সবই ছিল। তার কাছে তো আমাদের এটাই চাওয়া।’
৫৭ বলে ৯৮ করেছেন রোহিত, ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ভারতীয়রা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাইলে যে গত বিশ্বকাপের সেরা ভারতীয় বোলারকেও ফিরতে হবে সেরা ফর্মে। এটা জানা আছে বলেই হয়তো শামির বোলিং নিয়ে শর্মার এমন উচ্ছ্বাস। সূত্র: ওয়ান ইন্ডিয়া।