শারজায় ফেরার দিনটি শ্রীলঙ্কার
দুই বছর আগে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ওঠার পর ক্যারিয়ারের গতিপথটাই পাল্টে গেছে। কিন্তু দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাত্র ৪ ইনিংসের ব্যর্থতায় আবার মিডল অর্ডারে নেমে এসেছিলেন তিলকারত্নে দিলশান। সুবিধা করতে পারলেন না নিজের পুরোনো পজিশনেও। কাল আবার ফিরলেন ওপেনিংয়ে, ফিরেই পেলেন রানের দেখা। তবে রানে ফেরার স্বস্তির সঙ্গে যোগ হয়েছে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়ার যন্ত্রণাও।সেই যন্ত্রণায় পুড়তে হয়নি কুমার সাঙ্গাকারাকে। দুরন্ত ফর্মে থাকা সাবেক অধিনায়ক তুলে নিয়েছেন সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। দিন শেষ করেছেন অপরাজিত থেকেই। বিস্ময়করভাবে পুরো সিরিজে একটিও ফিফটি করতে না পারা মাহেলা জয়াবর্ধনের ব্যাটেও বড় ইনিংসের ইঙ্গিত। এই তিনজনের সৌজন্যে নয় বছর পর শারজার টেস্ট ক্রিকেটে ফেরার প্রথম দিনটি ছিল পুরোপুরিই শ্রীলঙ্কার। বল হাতে পাকিস্তানের বাজে এক দিনের ষোলোকলা পূর্ণ করেছে আম্পায়ার শাবির তারাপোরেরও বাজে দিন। ৩৩ রানে উমর গুলের বলে দিলশান কট বিহাইন্ড হলেও দেননি ভারতীয় আম্পায়ার, অন্তত দুবার সাঙ্গাকারা-জয়াবর্ধনের বিপক্ষে সাড়া না দেওয়া এলবিডব্লু আবেদনের রিপ্লে দেখে মনে হয়েছে, আউট ছিলেন তাঁরা।আবুধাবি টেস্টের প্রথম দিনে ১৯৭ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, দুবাইতে ২৩৯ রানে। কালকের শুরুতেও ছিল এমন ইঙ্গিত। উমর গুলের করা ম্যাচে চতুর্থ বলেই শর্ট লেগে পারানাভিতানার ক্যাচ ছাড়েন আজহার আলী। তবে পরের বলেই আউট বাঁহাতি ওপেনার, গুলের দারুণ এক আউট সুইঙ্গারে স্লিপে ক্যাচ ইউনুসের হাতে। এর পরও বেশ কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বল। শ্রীলঙ্কা আবার এই টেস্টে খেলছে একজন ব্যাটসম্যান কম নিয়ে। ওপেনার লাহিরু থিরিমান্নের বদলে অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার কোসালা কুলাসেকেরার।তবে আধঘণ্টা পরই সহজ হয়ে আসে উইকেট। নিষ্প্রাণ উইকেটে মাথা কুটে মরেন পাকিস্তানি বোলাররা। আর শ্রীলঙ্কার বর্তমান ও সাবেক অধিনায়ক মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১৭৩ রানের জুটি। আগের টেস্টের ম্যাচ-সেরা সাঈদ আজমলের দারুণ এক দুসরায় ভাঙে এই জুটি। এবারও স্লিপে ইউনুসের ক্যাচ, টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নড়বড়ে নব্বইয়ে আউট দিলশান, দুবারই ৯২!৮৬ থেকে জুনাইদ খানের এক ওভারে তিন চারে ৯৮-এ পৌঁছান সাঙ্গাকারা, এরপর রেহমানকে ছয় মেরে ২৭তম সেঞ্চুরিতে। সেঞ্চুরি সংখ্যায় পেছনে ফেলেছেন গ্যারি সোবার্সকে, বসেছেন অ্যালান বোর্ডারের পাশে। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে ৪ ওভার আগে। ওয়েবসাইট।