শারজায় শ্লথগতির একটা দিন

প্রায় ১৪ বছর হয়ে গেল বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বাদ পায়নি শ্রীলঙ্কা। বুভুক্ষু শ্রীলঙ্কার জন্য সোনালি সুযোগের হাতছানি পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ। তৃতীয় ও শেষ টেস্টটা ড্র করলেই চলে তাদের। গত টেস্টটা জিতে রাখায় তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। শ্রীলঙ্কা ড্র করার কৌশল নিয়ে মাঠে নেমেছে কি না, বলা মুশকিল। তবে প্রথম দিনে তাদের ধীরগতির ব্যাটিং তেমন ইঙ্গিতই দিচ্ছে। অবশ্য এর জন্য শারজার উইকেটও দায়ী।
প্রথম দিন শেষে ৫ উইকেটে ২২০ রান তুলেছে শ্রীলঙ্কা। সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা কুমার সাঙ্গাকারা ৫২ রান করেছেন। গত ম্যাচে শতক হাঁকানো মাহেলা জয়াবর্ধনে করেছেন ৪৭। ১৬৬ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস ও প্রসন্ন জয়াবর্ধনে। ম্যাথুস ২৪ ও প্রসন্ন ২৮ রানে অপরাজিত।
৬৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও দুই বন্ধু জয়াবর্ধনে-সাঙ্গাকারার ৬০ রানের জুটি দলকে ভালোভাবেই পথ দেখাচ্ছিল। কিন্তু ফর্ম হারিয়ে ফেলা সাঈদ আজমল ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে দ্রুত তুলে নেন জয়াবর্ধনে ও দিনেশ চান্ডিমালের উইকেট। এর আগে ফিফটির পরপরই সাঙ্গাকারা জুনায়েদ খানের শিকার হলে ৪১ রানের মধ্যে মিডল অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
২ উইকেটে ১২৫ থেকে ১৫ ওভারের মধ্যে তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৬৬। ম্যাথুস-প্রসন্নর ৫৪ রানের জুটি আপাতত সেই বিপদ কাটিয়ে উঠেছে। তবে শ্রীলঙ্কা ওভারে রান তুলছে গড়ে আড়াইয়েরও কম করে। টেস্টে এই হারে রান তোলায় কেউ হয়তো বকে দেবে না। তবে এখনকার অভ্যস্ত চোখে বেমানান তো লাগেই।