শারদার দ্বিমুকুট
শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায়। রমনা টেনিস কমপ্লেক্সে অমল গতকাল ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন আলমগীরকে। মেয়েদের বিভাগে দ্বিমুকুট জিতেছেন শারদা আলম। প্রথমে এককের ফাইনালে শারদা ৬-১, ২-৬, ৬-৩ গেমে হারান সাথী সরকারকে। পরে দ্বৈতে সাথীর সঙ্গে জুটি বেঁধে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন মেধা-রিপা জুটিকে।রুস্তম আলীকে ২-৬, ৬-৩, ৭-৬ গেমে হারিয়ে বালক এককের (অনূর্ধ্ব-১৬) চ্যাম্পিয়ন হয়েছে বিপ্লব রাম। বালিকা এককের (অনূর্ধ্ব-১৬) চ্যাম্পিয়ন মৌমিতু জান্নাত, হারিয়েছেন ঝিলিক চাকমাকে। অনূর্ধ্ব-১৪ বছর বয়সী বালক ও বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছে দেলোয়ার হোসেন ও মৌরিন। মিনি টেনিসে নূর আলম চ্যাম্পিয়ন বালক বিভাগে, বালিকা বিভাগে ফারিয়া। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান।