শারাপোভা-আজারেঙ্কা শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সেটটি জিততে বেগ পেতে হয়েছে বটে, তবে দ্বিতীয় সেটেই মারিয়া শারাপোভা বুঝিয়ে দিয়েছেন গত বছরের হতাশা মুছে ফেলার লক্ষ্য নিয়েই এসেছেন তিনি। গত বছর ফাইনালে উঠেও বছরের পঞ্চম গ্র্যান্ড স্লামখ্যাত ইন্ডিয়ানা ওয়েলস ওপেনের শিরোপা জিততে পারেননি। সেই হতাশা মুছে দেওয়ার লক্ষ্যে পরশু আরেক ধাপ এগিয়ে গেলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা। স্পেনের লরা আরুবারেনা-ভেসিনোকে ৭-৫, ৬-০ গেমে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।শেষ আটে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। অ্যাঙ্কেলের ব্যথা নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন পোল্যান্ডের উরসুলা রাদওয়ানস্কাকে। চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে শেষ আটে পা রেখেছেন পেত্রা কেভিতোভাও। তবে মারিয়া কিরিলেঙ্কোর কাছে ৬-১, ৪-৬, ৭-৫ গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই আগনিয়েস্কা রাদওয়ানস্কা। কোয়ার্টার ফাইনালে শারাপোভার প্রতিপক্ষ ইতালির সারা ইরানি। যিনি ফ্রান্সের মারিয়ন বারতোলিকে হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে। সামান্থা স্টোসুর, ক্যারোলিন ওজনিয়াকিরাও উঠেছেন কোয়ার্টার ফাইনালে। রয়টার্স।