শারাপোভা-ওজনিয়াকি ফাইনাল
অবশেষে ‘প্রিয়’ কোর্ট ইন্ডিয়ানা ওয়েলস দিয়েই যেন নিজেকে ফিরে পেতে শুরু করলেন ক্যারোলিন ওজনিয়াকি। ২০১২ সালের শুরু থেকেই ডেনিশ মেয়ের র্যাকেটে ভাটার টান। র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে তাই নেমে গেছেন ১০ নম্বরে। এ বছরও ব্যর্থতার ধারা থেকে যেন বেরোতে পারছিলেন না। অবশেষে পরশু জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে বছরের প্রথম ফাইনালে উঠেছেন ওজনিয়াকি। প্রথম সেট হেরেও ২০১১-এর চ্যাম্পিয়ন জিতেছেন ২-৬, ৬-৪, ৭-৫ গেমে। গত চার বছরে ইন্ডিয়ানা ওয়েলসে এটা তাঁর তৃতীয় ফাইনাল। আজ ফাইনালে তাঁর প্রতিপক্ষ যিনি, সেই মারিয়া শারাপোভাও ইন্ডিয়ানা ওয়েলসে ফাইনালে উঠলেন তৃতীয়বারের মতো। পরশু অন্য সেমিফাইনালে রুশ তারকা স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। ২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা ফাইনালে উঠেছিলেন গতবারও। কিন্তু হেরে যান ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে।এদিকে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন অ্যান্ডি মারে। তাঁকে ৭-৬ (৭-৫), ৩-৬, ১-৬ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো। সেমিতে আর্জেন্টাইন তারকার মুখোমুখি এ বছরে এখনো পর্যন্ত অপরাজিত নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে। অন্য সেমিফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ টমাস বার্ডিচ। রয়টার্স