শারাপোভা-নাদালের বিদায়

গত বছর দুজনই জিতেছিলেন ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের শিরোপা। ট্রফি হাতে নিয়ে রাফায়েল নাদাল ও মারিয়া শারাপোভা বাধা পড়েছিলেন একই ফ্রেমে। চাইলে ইন্ডিয়ানা ওয়েলস কর্তৃপক্ষ নাদাল-শারাপোভাকে ফ্রেমবন্ধী করে রাখতে পারে এবারও। তবে এবারের সেই যুগলবন্ধী হয়ে থাকবে হতাশার প্রামাণ্যচিত্র। পরশু দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়নই বিদায় নিলেন তৃতীয় রাউন্ড থেকে।
শনিবার বিদায় নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। পরশু সে পথে হাঁটেন শারাপোভা। তাঁকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন ইতালির অবাছাই খেলোয়াড় কামিলা গিওর্গি। শারাপোভার বিদায়ের খানিক পরই নাদালও হাত নেড়ে দর্শকদের জানান বিদায়ী সম্ভাষণ!

নাদালকে ৬-৩, ৩-৭, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে অঘটন ঘটিয়েছেন ইউক্রেনের আলেকজান্দার দোলগোপোলভ।
নাদালের সঙ্গে আগের পাঁচ সাক্ষাতেই হার। সর্বশেষ হার দুই সপ্তাহ আগে রিও ডি জেনিরোর ফাইনালে। সেই নাদালকে প্রথমবার হারিয়ে র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা দোলগোপোলভের উচ্ছ্বাস, ‘এই অনুভূতি দারুণ। আর এই জয়টা বিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছি আমি।’ ২০০৬ সালের পর প্রতিবারই ইন্ডিয়ানা ওয়েলসের সেমিফাইনালে উঠেছেন নাদাল। তিনবার জিতেছেন শিরোপা (২০০৭, ২০০৯ ও ২০১৩)। এবার তৃতীয় রাউন্ডেই বিদায়ের পর হতাশ নাদাল বললেন, ‘আমি খুবই বাজে খেলেছি।’
শারাপোভার বিপক্ষে গিওর্গির জয় ৬-৩, ৪-৬, ৭-৫ গেমে। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের কোনো খেলোয়াড়ের বিপক্ষে এটাই ইতালিয়ান মেয়ের প্রথম জয়। পরশুর দিনটাই আসলে রাশানদের জন্য ছিল বিভীষিকার। শারাপোভার তিন স্বদেশি সভেৎলানা কুজনেতসোভা, আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা, একাতেরিনা মাকারোভাও হেরে গেছেন। জিতেছেন কেবল আলিসা ক্লেইবানোভা। অ্যান্ডি মারে, রজার ফেদেরার, নি লারা ঠিকই উঠেছেন চতুর্থ রাউন্ডে। এএফপি।