অলিম্পিকে এই প্রথমবারের মতো খেলতে এসেছেন মারিয়া শারাপোভা। প্রথমবারের উপস্থিতিতেই নারী টেনিসের ফাইনালে নিজের স্থানটি পাকাপোক্ত করলেন এই রুশ টেনিস সেনসেশন। ফাইনালে ওঠার পথে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে। উইম্বলডনের মাঠে কিরিলেঙ্কোর বিপক্ষে শারাপোভার জয়ের ব্যবধানটা ৬-২, ৬-৩। ফাইনালে শারাপোভার প্রতিদ্বন্দ্বী এক মাস আগেই উইম্বলডন জেতা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।সেমিফাইনালে কিরিলেঙ্কোর বিপক্ষে শারাপোভা ঘাসের মাঠের দুর্দান্ত ফর্মই ধরে রেখেছেন। এলোমেলো বাতাসের মধ্যে প্রথম সেটে তিনি উড়িয়েই দেন বিশ্বের ১৪তম বাছাই কিরিলেঙ্কোকে। পরের সেটেই অবশ্য কিরিলেঙ্কো ঘুরে দাঁড়ান। এগিয়ে যান ৩-২ ব্যবধানে। কিন্তু শারাপোভা পরের চারটি গেমে ঘুরে দাঁড়িয়ে কিরিলেঙ্কোকে পেছনে ফেলেন।ফাইনালে শারাপোভার প্রতিদ্বন্দ্বী সেরেনা সেমিতে জিতেছেন বিশ্বের এক নম্বর বাছাই বেলারুশের আজারেঙ্কার বিপক্ষে। সেরেনা ৬-১, ৬-২ ব্যবধানে আজারেঙ্কাকে উড়িয়ে দেন। এক মাস আগেই অবশ্য উইম্বলডনে দেখা হয়েছিল এই দুই তারকার। সেখানে সরাসরি সেটে সেরেনা আজারেঙ্কাকে হারালেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিলেন। কাল সেই প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও ছিল না সেরেনা-আজারেঙ্কা ম্যাচটি। সেরেনার কাছে একধরনের অসহায় আত্মসমর্পণই করলেন আজারেঙ্কা।সোনার পদকের বাইরেও ফাইনালে শারাপোভা ও সেরেনার লড়াইটা অন্যমাত্রা পাচ্ছে। ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম ও অলিম্পিক সোনা—এই দুই জায়গাতেই সাফল্য আছে কেবল স্টেফি গ্রাফের। ফাইনালে যেই জিতুন, স্টেফি গ্রাফের পাশে ব্র্যাকেটবন্দী হওয়ার ব্যাপারটিও শারাপোভা-সেরেনার লড়াইকে জোগাচ্ছে বাড়তি কিছু।এই অনন্য অর্জনের হাতছানিতে উত্তেজিত শারাপোভা নিজেও। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা ছিল তাঁরই হাতে। নারী এককে সোনার পদক জিতে দেশকে ভাসাতে চান আনন্দের সাগরে। তবে মনে খচখচানি আছে সেমিফাইনালে স্বদেশি খেলোয়াড়কে হারানোর কারণে। তবে তিনি মনেপ্রাণেই চান আজারেঙ্কাকে হারিয়ে কিরিলেঙ্কো ব্রোঞ্জ পদকটি নিয়ে আসুন রাশিয়ায়।ফাইনালে উঠে নিজের প্রতিক্রিয়ায় শারাপোভা বলেছেন, ‘এখনো অনেকটা পথ বাকি, তবে এ পর্যন্ত আমার অর্জনে আমি মোটামুটি খুশিই।’ তিনি আরও বলেছেন, ‘গ্র্যান্ড স্লাম জিতেছি। অলিম্পিকের সোনার পদকটি নিজের করতে পারলে ছেলেবেলায় দেখা একটা স্বপ্ন পূরণ হবে।’ ওয়েবসাইট।