শারাপোভাকে হারিয়ে সিনসিনাটি শিরোপা ক্লাইস্টার্সের
ক্যারিয়ারের ২৩তম শিরোপাটি জয় করা হলো না মারিয়া শারাপোভার। রাশিয়ার এই তারকাকে ২-৬, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে গতকাল রোববার সিনসিনাটি ওপেনের শিরোপা জিতে নিয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স।বছরের তৃতীয় শিরোপাটি জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে ক্লাইস্টার্সকে। বৃষ্টি-বিঘ্নিত এ ম্যাচের প্রথম সেটে এগিয়ে গিয়েছিলেন শারাপোভা। বৃষ্টি আসার আগ পর্যন্ত দ্বিতীয় সেটেও শারাপোভা এগিয়েছিলেন ৫-৩ ব্যবধানে। কিন্তু বৃষ্টির পরই যেন অন্য রূপে আবির্ভূত হলেন ক্লাইস্টার্স। আক্রমণাত্মক খেলা খেলে নাটকীয়ভাবে জয় করে নেন সিনসিনাটি শিরোপা।হারের কারণ হিসেবে শারাপোভা বৃষ্টিকেই দায়ী করছেন, ‘আমি মনে করি, বৃষ্টি অনেকটাই সহায়তা করেছে ক্লাইস্টার্সকে। বিশ্রাম পেয়ে সে নিজেকে নিয়ে ভাবার সময় পেয়েছে, নতুনভাবে খেলা শুরু করতে পেরেছে ক্লাইস্টার্স।’ হারের কারণ উল্লেখ করার পর ক্লাইস্টার্সকে অভিনন্দন জানাতেও ভোলেননি শারাপোভা, ‘এ রকম একটা অসাধারণ ম্যাচ ও পুরো প্রতিযোগিতার জন্য ক্লাইস্টার্সকে অভিনন্দন। আমি শিগগির আবারও তাঁর সঙ্গে খেলার অপেক্ষায় থাকব।’বৃষ্টি থেকে সহায়তা পাওয়ার কথাটা মেনে নিয়েছেন ক্লাইস্টার্সও। বেলজিয়ামের ২৭ বছর বয়সী এই তারকা বলছেন, ‘আমি প্রায় হেরেই গিয়েছিলাম। শুরু থেকে আমার সার্ভ সঠিকভাবে কাজ করছিল না। বৃষ্টির বিরতিতে আমি নিজেকে নিয়ে ভেবেছি। ফিরে এসে আক্রমণাত্মক খেলা খেলি। কষ্টার্জিত হলেও এ জয়ে আমি খুশি।’—রয়টার্স