উচ্চতা, প্রাইজমানি, তারকা খ্যাতি, গ্র্যান্ড স্লাম জয়—এগুলোর সব কটিতেই মারিয়া শারাপোভার চেয়ে যোজন যোজন পিছিয়ে সারা ইরানি। শারাপোভার (৬ ফুট ২ ইঞ্চি) চেয়ে ২৪ সেন্টিমিটার খাটো ইরানি (৫ ফুট ৪ ইঞ্চি)। তবে টেনিসে যে ‘সাইজ’ কোনো ব্যাপার নয়, সেটা অনেক আগেই প্রমাণিত। তাই আজকের ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককের ফাইনালে এগুলো কোনো প্রভাবক নয়! রোলাঁ গারোঁ জয় করতে যা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জয়ের ক্ষুধা, মাটির কোর্টে যথাযথ প্রস্তুতি—এর কোনোটাই শারাপোভার চেয়ে একবিন্দু কম নেই ইরানির।প্যারিসে আসার আগে মাটির কোর্টে তিনটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট জিতেছেন ২৫ বছর বয়সী ইতালিয়ান। সেদিকে ইঙ্গিত করেই তাঁর চেয়ে মাত্র ১০ দিনের বড় শারাপোভার সতর্ক উচ্চারণ, ‘সে সত্যিই খুব বিপজ্জনক খেলোয়াড়।’স্বাভাবিকের চেয়ে বড় হাতলের র্যাকেটে খেলেই ইরানি ফাইনালে ওঠার পথে হারিয়েছেন তিন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ, সভেৎলেনা কুজনেৎসোভা ও সামান্থা স্টোসুরকে। আর এটাই তাঁর আত্মবিশ্বাসের উৎস, ‘আগে বিশ্বাস করতে পারতাম না, বড় খেলোয়াড়দের হারাতে পারব। কিন্তু এবার যেহেতু ফাইনালে উঠে গেছি, তাই একটু অন্য রকম ভাবতে হবে।’অন্যদিকে পরশুই নিজের ৩৮তম জন্মদিনে সানিয়া মির্জাকে সঙ্গী করে মিশ্র দ্বৈত জিতেছেন ভারতের মহেশ ভূপতি। এটি ভূপতির ১২তম গ্র্যান্ড স্লাম আর সানিয়ার দ্বিতীয়। এএফপি, রয়টার্স।ফাইনালে নাদাল-জোকোভিচ: নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল—দুজনেই দাঁড়িয়ে গেলেন ইতিহাসের দোরগোড়ায়। গতকাল নিজ নিজ সেমিফাইনালে জিতে দুজনেই উঠে গেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। জোকোভিচ সরাসরি ৬-৪, ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন রজার ফেদেরারকে। স্বদেশি ডেভিড ফেরারের বিপক্ষে নাদালের জয়টা আরও সহজে—৬-২, ৬-২, ৬-১ গেমে। আগামীকালের ফাইনালে জিতলেই ১৯৬৯ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন জোকোভিচ। নাদাল ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড সপ্তম শিরোপার অপেক্ষায়। এএফপি।