শারাপোভার উল্টো অভিযোগ
মারিয়া শারাপোভা কোর্টের বাইরে। কারও কারও কাছে এটা মেনে নেওয়া খুব কষ্টের। কেউ আবার বলছেন ঠিকই আছে, একজন ডোপপাপীকে শাস্তি তো পেতেই হবে। রুশ এই টেনিস-কন্যা অবশ্য ডোপিংয়ের দায়টা চাপিয়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) ওপর।
২০১৬ সালের অস্ট্রেলিয়া ওপেনে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন শারাপোভা। দুই বছরের জন্য নিষিদ্ধ হন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা। পরে অবশ্য শাস্তি কমিয়ে ১৫ মাস করা হয়েছে। শারাপোভার নমুনায় নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের দাবি, এটা তিনি অনেক আগে থেকেই ওষুধ হিসেবে ব্যবহার করে আসছিলেন। কিন্তু এই ওষুধ যে ডোপিং-বিরোধী সংস্থা গত বছরের গোড়ার দিকে নিষিদ্ধ করেছে তা জানতেন না শারাপোভা, ‘কেউ এসে কেন আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেনি? তিনি হোন কোনো কর্মকর্তা বা অ্যাথলেট।’ রয়টার্স।