শারাপোভার দারুণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই নাইকির সঙ্গে চুক্তি করেছেন একসঙ্গে। ফটোসেশনটাও তাঁদের হয়েছে একসঙ্গেই, গলাগলি ধরে। শুধু তা-ই নয়, ১৯ বছর বয়সী বুকার্ড ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে যে পোশাক পরে খেলছেন, তারও নকশা করেছেন শারাপোভাই। বোঝাই যাচ্ছে, শারাপোভার সঙ্গে বুকার্ডের এখন গলায় গলায় ভাব।তবে তাঁদের এই সম্পর্ক থাকবে না, দুদিন পর যখন কোর্টে দাঁড়িয়ে যাবেন একে অপরের বিপক্ষে। ড্র অনুযায়ী, ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডেই শারাপোভার মুখোমুখি হওয়ার কথা বুকার্ডের। সেই পথে পরশু দুজনই পেরিয়েছেন প্রথম রাউন্ডের বাধা। গত বছর এই ফ্রেঞ্চ ওপেন জিতেই শারাপোভা পূর্ণ করেছিলেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম। শিরোপা ধরে রাখার অভিযানটা রুশ তারকা শুরু করলেন তাইওয়ানের সু-উইকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে।অন্যদিকে গত বছর উইম্বলডনের জুনিয়র বিভাগে শিরোপা জেতা বুকার্ডের এটাই প্রথম বড়দের গ্র্যান্ড স্লামে অংশ নেওয়া। কানাডিয়ান তরুণী অভিষেকেই জন্ম দিয়েছেন অঘটনের। হারিয়েছেন গত উইম্বলডনের সেমিফাইনালে ওঠা বুলগেরিয়ার সভেতানা পিরোঙ্কোভাকে। ৬-১, ৭-৬ গেমে জেতা বুকার্ডের আশা, দ্বিতীয় রাউন্ড পেরিয়ে মুখোমুখি হবেন শারাপোভার। দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরও। তিনি ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন জাপানের বর্ষীয়ান তারকা কিমিকো দাতে ক্রুমকে। পুরুষ এককে আরেক অস্ট্রেলিয়ান বার্নার্ড টমিকের স্বপ্ন শেষ হয়ে গেছে প্রথম রাউন্ডেই। বার্নার্ড কোর্ট ছেড়েছেন চোটের কাছে হার মেনে। যদিও তার আগেই ৭-৫, ৭-৬ (৯/৭), ২-১-তে এগিয়ে ছিলেন প্রতিপক্ষ ভিক্টর হানেস্কু। এএফপি।