শারাপোভার পথ ধরে ইভানোভিচ
দুই বছর আগে এই রড লেভার এরেনায় চমকে দিয়ে উঠে এলেন ফাইনালে। মারিয়া শারাপোভার কাছে হেরে অবশ্য ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদটা পাওয়া হলো না। কিন্তু সেই অপেক্ষা ঘুচল ছয় মাসের মধ্যেই। জিতে নিলেন ফ্রেঞ্চ ওপেন। উঠে এলেন র্যাঙ্কিংয়ের শীর্ষেও। এর পর? আনা ইভানোভিচের বাকি গল্পটা শুধুই দীর্ঘশ্বাসের!২২ বছর বয়সী সার্বিয়ান তারকা র্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে! এটাই তো বলে দিচ্ছে তাঁর পতনের ইতিহাস। নতুন বছরে নতুন করে শুরু করতে চেয়েছিলেন। কিন্তু হলো না। দ্বিতীয় রাউন্ডেই ৬-৭ (৬/৮), ৭-৫, ৬-৪ গেমে হেরে বিদায় নিলেন অবাছাই আর্জেন্টিনার গিসেলা দুলকোর কাছে হেরে। মারিয়া শারাপোভার পর অস্ট্রেলিয়ান ওপেন দ্বিতীয় রাউন্ডে হারাল আরেক তারকাকে।আর কোনো অঘটন নেই। ৬-২, ৬-১ গেমে জিতে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস বুঝিয়ে দিয়েছেন, ট্রফিটা এবারও তুলতে চান হাতে। বড় বোন ভেনাসকে অবশ্য দ্বিতীয় সেটটা একটু কষ্ট করেই জিততে হয়েছে (৬-২, ৭-৫)। তৃতীয় রাউন্ডে উঠে গেছেন আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, লি না, ক্যারোলাইন ওজনিয়াকি, দানিয়েলা হানতুচোভা। পুরুষদের কোর্টে জিতেছেন সব পরিচিত নামই। রুমানিয়ার ভিক্টর হানেস্কুকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন রজার ফেদেরার। লেটন হিউয়িট আবার তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন মার্কোস বাগদাতিসের। তৃতীয় রাউন্ডে উঠেছেন নিকোলাই ডেভিডেঙ্কো আর নোভাক জোকোভিচ।দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য তাই সহমর্মী কাউকে পাচ্ছেন না ইভানোভিচ। ২০০৮ সালে রোলাঁ গাঁরোতে জেতার পর থেকে গত দুই বছরে মাত্র একটা শিরোপা জিতেছেন। সেটিও দ্বিতীয় সারির অখ্যাত এক টুর্নামেন্টে। পরবর্তী গ্র্যান্ড স্লামগুলোর কোনোটাতেই পেরোতে পারেননি চর্তুথ রাউন্ডের গণ্ডি। হচ্ছে কী ইভানোভিচের? এমন তো নয় খেলা ভুলেই গেলেন। বেশ কিছু ম্যাচে খেলেছেনও ভালো। কালই যেমন শুরুটা দুর্দান্তই হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুঠো ফসকে বেরিয়ে গেছে ম্যাচের লাগাম। ইভানোভিচ জানালেন, সমস্যাটা মানসিক “আমি শুরুটা ভালোই করছি। ভালোই খেলছি। কারণ তখন আমার ওপর কোনো চাপ থাকে না। কিন্তু খানিকক্ষণ খেলার পর ‘আমাকে সব সময় এমন ভালো খেলতে হবে’ ভাবনা চলে আসে। আমি উদ্বেগে ভুগতে শুরু করি। খেলায় ভুল হতে থাকে।” এএফপি, ওয়েবসাইট।