শারাপোভার প্রতিশোধ!
এ বছরে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মেয়েদের টেনিসের এক ও দুই নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা। দুবারই শারাপোভাকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ নিয়েছিলেন আজারেঙ্কা। কিন্তু এবার ঠিকই প্রতিশোধ নিলেন শারাপোভা। গতকাল স্টুটগার্ট ওপেনের ফাইনালে আজারেঙ্কাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে বছরের প্রথম শিরোপা জিতেছেন এই রাশিয়ান টেনিস তারকা।এ বছরে এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ইন্ডিয়ান ওয়েলসে শারাপোভাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন আজারেঙ্কা। সেই সঙ্গে এ বছরে টানা ২৬টি ম্যাচ অপরাজিতও ছিলেন মেয়েদের টেনিসের এই শীর্ষ তারকা। কিন্তু গতকাল তাঁকে খুব সহজেই হারের স্বাদ দিয়েছেন শারাপোভা। তাঁকে ৬-১, ৬-৪ গেমে হারের স্বাদ দিতে খুব বেশি ঘামও ঝরাতে হয়নি শারাপোভাকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমার জন্য এটা ছিল খুবই ভালো একটা সপ্তাহ। তবে এ রকম কঠিন প্রতিযোগিতায় আজারেঙ্কার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারানোটা সত্যিই দারুণ ব্যাপার।’প্রথম সেটটা ৬-১ গেমে হেরে পিছিয়ে পরার পর দ্বিতীয় সেটের শুরুতেই ইনজুরির কবলে পড়েছিলেন আজারেঙ্কা। কিছুক্ষণ চিকিত্সাও নিতে হয়েছিল তাঁকে। এ রকমটা না হলে যে জয় পেতে হয়তো আরও একটু কষ্ট করতে হতো সেটা স্বীকার করেছেন শারাপোভা। তিনি বলেছেন, ‘আজারেঙ্কা আজ কিছুটা আহত হয়েছিল। হয়তো এটা না হলে সে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারত। কিন্তু শেষপর্যন্ত এই বছরের প্রথম শিরোপাটা জিততে পেরে আমি খুবই খুশি।’ এই জয়টা আর ২৭ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের জন্যও বেশ অনুপ্রেরণাদায়ক হবে বলে আশা করছেন শারাপোভা। রয়টার্স