শারাপোভার বিদায়
ধারাটা বজায় থাকল উইম্বলডনেও। ২০১১ সালে কিম ক্লাইস্টার্সের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা দুটি গ্র্যান্ড স্লাম জিততে পারেননি কোনো মহিলা খেলোয়াড়। কাল বিশ্বের এক নম্বর তারকা মারিয়া শারাপোভার বিদায়ে অব্যাহত রইল সেই ধারা। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন শারাপোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৫তম বাছাই সাবিনা লিসিকি। গতবারের সেমিফাইনাল হারের শোধ তুলতে জার্মান মেয়ে শারাপোভাকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। শেষ আটে লিসিকি খেলবেন স্বদেশি অ্যাঞ্জেলিক কেরবারের বিপক্ষে। অষ্টম বাছাই কেরবারের কাছে ৬-১, ৬-১ গেমে উড়ে গেছে অবসরের আগে কিম ক্লাইস্টার্সের উইম্বলডনের জয়ের স্বপ্ন। শারাপোভার বিদায়ের দিনে ‘গোল্ডেন সেট’ জয়ী ইয়ারোস্লাভা শভেদোভাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। চারবারের চ্যাম্পিয়ন সেরেনা জিতেছেন ৬-১, ২-৬, ৭-৫ গেমে। বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাও উঠেছেন কোয়ার্টার ফাইনালে। ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনেকে ৪-৬, ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন কেভিতোভা। আরেক ইতালিয়ান রবার্তা ভিঞ্চিকে হারিয়ে শেষ আটে উঠেছেন অবাছাই তামিরা পাশেকও। পিঠের ব্যথাও দমাতে পারেনি রজার ফেদেরারকে। চতুর্থ রাউন্ডে জেভিয়ার ম্যালিসেকে ৭-৬ (৭/১), ৬-১, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন উইম্বলডনের রাজা ফেদেরার। এএফপি।