শারাপোভার বিয়ে নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে লাখো তরুণ-হূদয় ভেঙে দিয়ে এসেছিল দুঃসংবাদটি: মারিয়া শারাপোভা আংটি বদল করেছেন শাশা ভুয়াচিচ নামের একজনের সঙ্গে। এই খবরে কতজন শাশাকে শাসানোর জন্য ভুয়া উড়ো চিঠি পর্যন্ত লিখেছে, তার হিসাব নেই। এরই মধ্যে তাঁদের জন্য পাওয়া গেল আরও দুটি মহা দুঃসংবাদ: শারাপোভা শিগগিরই বিয়ে করতে চলেছেন, এবং শারাপোভা মা হচ্ছেন!অলিম্পিকে রুপা জেতার পর মন্ট্রিয়ল আর সিনসিনাটি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শারাপোভা। তখন শোনা গিয়েছিল, পেটে ব্যথা অনুভব করছেন। এ কারণে আলট্রাসনোগ্রামও করিয়েছেন। তবে কি শারাপোভা সন্তানসম্ভবা?প্রশ্নটার উত্তর শারাপোভার কাছ থেকেই পাওয়া গেল পরশু, ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পর। মজা করে বলেছেন, ‘ব্যাপারটা অদ্ভুত ছিল। ওরা (ডাক্তার) বলল আমি ঠিকই আছি, গর্ভবতী নই। তখন আমার অবস্থা ছিল এমন, তাহলে কি আমি পরীক্ষা করার টাকাটা ফেরত পাব?’আসলে পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন। শারাপোভা জানিয়েছেন, ‘মন্ট্রিয়লে যখন গেলাম, পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। পরে অবশ্য মনে হলো, পেট খারাপ হয়েছে হয়তো। একসময় মনে হলো, ভালো হয়ে যাচ্ছে। আমি স্বাভাবিকভাবে খেতে শুরু করলাম। কিন্তু আসলেই সেটা ভালো হয়নি। আসলে এটাকে নাটকীয় কিছু করার দরকার নেই। অবশ্য প্রথম প্রথম আমি নিজেই বেশি নাটক করে ফেলেছি। তবে আমি এখন ভালো আছি। আগেও ছিলাম।’এরপর বিয়েসংক্রান্ত গুজবটার উত্তর দিয়েছেন। শোনা গিয়েছিল, নভেম্বরে ইস্তাম্বুলে ভুয়াচিচের সঙ্গে বিয়ের মালা বদল করতে চলেছেন। কিন্তু শারাপোভা জানালেন, ‘আগামী নভেম্বরে বিয়ের কোনো পরিকল্পনা নেই। এটা সত্য নয়। একটু অবাকই হয়েছি, সবাই দেখছি এই গুজবটা বিশ্বাস করেছে।’লন্ডন অলিম্পিকে রুপা জিতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ঝা-চকচকে অডি গাড়ি পেয়েছেন, সোনা জিতেও অনেক রুশ অ্যাথলেটের যে সৌভাগ্য হয়নি। শারাপোভা অবশ্য গাড়িটা নিজে ব্যবহার করছেন না, দিয়ে দিয়েছেন বাবাকে। ‘বাবা আমার কাছ থেকে ওটা চুরি করে নিয়েছেন’, মজা করে বলেছেন শারাপোভা, ‘আমি মেডেলটা নিয়েছি, উনি গাড়িটা। রাশিয়া থেকে জাহাজে করে গাড়িটা নিয়ে আসা কঠিন। এর চেয়ে মেডেলটা সঙ্গে রাখা বরং অনেক সহজ।’ এএফপি, রয়টার্স।