কী যে করবেন বুঝে উঠতে পারছিলেন না। ম্যাচ পয়েন্টটা পাওয়ার পরপরই দুই হাত চলে গেল গালে। হাঁ করা মুখটাই বলে দিচ্ছিল, যা ঘটছে, তা ঠিক বিশ্বাস হচ্ছে না। উত্তেজনা থিতিয়ে এলে যখন বুঝলেন, আনন্দে লাফালেন শিশুর মতো। মারিয়া শারাপোভা চাইলে উদ্যাপনটি আরও দীর্ঘ করতেই পারতেন। কালকের এই জয় যে তাঁকে তুলে দিল ইতিহাসের পাতায়। সারা এরানিকে সরাসরি সেটে (৬-৩, ৬-৩) হারিয়ে পূর্ণ করলেন ক্যারিয়ার স্লাম। মেয়েদের টেনিস ইতিহাসে যে কীর্তি আর আছে মাত্র নয়জনের।২০০৪ সালে উইম্বলডন জিতেছিলেন। দুই বছর বিরতিতে ২০০৬-এ ইউএস ওপেন। আবারও দুই বছরের বিরতিতে আসে অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেন জিতে বৃত্তটা পূরণ করতে শারাপোভা সময় নিলেন চার বছর! যদিও কালকের ফাইনালটি জিততে সময় লাগেনি একদমই। অনেককেই চমকে দিয়ে ফাইনালে উঠে আসা এরানি চ্যালেঞ্জ জানাতে পেরেছেন সামান্যই। পুরস্কার হাতে নিয়ে রুশ তারকা বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ারের জাদুকরি মুহূর্ত। আজকের এই পর্যায়ে আসতে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছি। আট বছর আগে এখানেই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের অনেক ওপরে (শেষ আট) উঠে এসেছিলাম। আট বছর পরে আজ এখানে (বিজয় মঞ্চে)।’ এএফপি।