শারাপোভার রোম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধও থাকে দুই ঘণ্টা। খেলা গড়ায় টাইব্রেকারে। তাই বলে শিরোপা হাতছাড়া হয়নি রাশিয়ার গ্ল্যামার-গার্ল মারিয়া শারাপোভার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চীনের লি নাকে ৪-৬, ৬-৪, ৭-৬ (৫) গেমে হারিয়ে গতকাল রোববার রোম মাস্টার্স প্রতিযোগিতা জিতে নিয়েছেন শারাপোভা।একই দিন পুরুষ এককের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তুমুল বৃষ্টির কারণে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। পুরুষ এককের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সোমবার।বৃষ্টির বাধার পরও জয় পাওয়ার পর শারাপোভার প্রতিক্রিয়া, ‘এ জয় আমার কাছে অসাধারণ। জয় নিয়ে রোনাল্ড গ্যারোসে যেতে পারছি আমি। এ জয় আমাকে আরও বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে।’ প্রতিপক্ষ লি নার প্রতি প্রশংসাও ঝরে পড়েছে শারাপোভার কণ্ঠে, ‘ওর সামর্থ্য সম্পর্কে বেশ ভালো জানি আমি। গত বছর ও দুর্দান্ত খেলেছে। ক্লে কোর্টে লি না অসাধারণ। ওর খেলার ধরন ওকে এই পর্যায়ে নিয়ে এসেছে। যেকোনো কোর্টে ওর জুড়ি নেই।’শারাপোভা বলেন, ‘ম্যাচটা সত্যি কঠিন ছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এর পর তা গড়ায় টাইব্রেকারে। শেষ অবধি জিততে পেরে আমি খুশি।’শিরোপা হারিয়ে লি না কেবল দুঃখিতই নন, পুড়ছেন আক্ষেপের আগুনেও। ম্যাচ শেষে বললেন, ‘ম্যাচটা ছিল তামাশার। তুমুল বৃষ্টির মধ্যে খেলা কঠিন। দুই ঘণ্টা বিশ্রামের পর আবারও বৃষ্টির মধ্যে খেলতে হয়েছে। এর পরও অবশ্য ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছি আমি। আমার মনে হয়, আসন্ন ফ্রেঞ্চ ওপেনের জন্য আমি প্রস্তুত।’ রয়টার্স।