শারাপোভার সঙ্গে ক্যাসিয়াসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো, জিনেদিন জিদান, দিদিয়ের দ্রগবা, মার্তা ভিয়েইরা ডা সিলভা—এই চার ফুটবলারের সঙ্গে রাশান টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হয়েছেন আগেই। তাঁদের সঙ্গে এবার যোগ দিলেন স্পেন জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াসও। ২০০০ থেকে ২০১৫—এই সময়টায় ক্ষুধা ও রোগমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকারে দারিদ্র্য বিমোচন কর্মসূচি হাতে নিয়েছে জাতিসংঘ। রোনালদো, জিদানদের মতো ক্যাসিয়াসও জাতিসংঘের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন। মানবতার কাজে জড়াতে পেরে গর্বিতই রিয়াল গোলরক্ষক, ‘মাঠে আমার কাজ গোল প্রতিরোধ করা। ইউএনডিপিতে আমার কাজ হবে গোল করতে তাদের সাহায্য করা। জীবন আমাকে অনেক কিছুই দিয়েছে। এবার আমি কিছু ফিরিয়ে দিতে চাই।’ এএফপি।